২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 07:09 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

চাঁদপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ সংঘর্ষ ঘটে। এতে ১২ জন আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এই সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের মটর সাইকেল ভাংচুর করা হয়। এ ঘটনায় পুলিশ দু'জনকে আটক করে। আগামী ১৮ জানুয়ারি ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মেয়র পদে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের বিবদমান গ্র"পের ৪জন ও বিএনপির ৩জন প্রার্থী রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন ফরিদঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে দল সমর্থিত মেয়র প্রার্থী আব্দুর রহমান বাবলুকে (দেয়াল ঘড়ি) নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় সেখানে দলের বিদ্রোহী প্রার্থী মোফাজ্জল হোসেন খান মহসিনের সমর্থকরা উপস্থিত ছিল। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল বাশার কালু পাটওয়ারী সমাপনী বক্তব্য রাখেন। তার বক্তব্য শেষে মেয়র প্রার্থী মহসিনের সমর্থকরা কালু পাটওয়ারীকে বিগত সংসদ ও উপজেলা নির্বাচনে দলের পরাজয়ের জন্য দায়ী করে প্রতিবাদ জানায়। বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে যাকে ঘোষণা করা হয়েছে তিনি বিগত সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন বলে অভিযোগ তুলে তার ওপর থেকে দলীয় সমর্থন প্রত্যাহারের দাবি জানায়। এই সময় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের মটর সাইকেল ভাংচুর করে। এতে উত্তেজনা আরো ছড়িয়ে পড়ে। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ফরিদগঞ্জ বাজারে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার প্রতিপক্ষের হাতে কয়েক দফা লাঞ্ছিত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তারা দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে উত্তেজনা আরো ছড়িয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, পরিস্থিতি শান্ত করার জন্য দু'জনকে আটক করা হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। বিদ্রোহী প্রার্থী মোফাজ্জল হোসেন খান মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার সকালে বলেন, "দল থেকে আব্দুর রহমান বাবলুকে সমর্থন জানানো হলেও মাঠ পর্যায়ে তার কোনো জনপ্রিয়তা নেই। অথচ আমার প্রতি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সমর্থন রয়েছে।" দল সমর্থিত মেয়র প্রার্থী আব্দুর রহমান বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার সকালে বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় দলের ঊর্ধ্বতন নেতারা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। কিন্তু বিদ্রোহী প্রার্থী মহসিনের লোকজন তা অমান্য করে ঝগড়া বাধায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২১২ ঘ.