২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ২২, বিএনপি ১৪

খুলনা ও বরিশাল বিভাগের ৪৯ পৌরসভার সবক'টির ফল পাওয়া গেছে। এর মধ্যে ২২ পৌরসভায় মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত হয়েছেন। ১৪ পৌরসভায় জিতেছেন বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থীরা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা ও বরিশাল বিভাগের ৪৯ পৌরসভার সবক'টির ফল পাওয়া গেছে। এর মধ্যে ২২ পৌরসভায় মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত হয়েছেন। ১৪ পৌরসভায় জিতেছেন বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থীরা। সাত পৌরসভায় আওয়ামী লীগের ও তিন পৌরসভায় বিএনপি'র 'বিদ্রোহী' প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র তিনজন মেয়র নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে এই ফল পাওয়া গেছে। বরিশালে ১৯ এবং খুলনার ৩০টি পৌরসভায় ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়। চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। অনিয়মের কারণে দুটি কেন্দ্রে ভোট বাতিল হলেও বরিশাল ও খুলনা বিভাগের পৌরসভায় নির্বাচন সার্বিকভাবে শান্তিপূর্ণ ছিলো জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিএনপি বলেছে, নির্বাচন 'মোটামুটি' শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। আমরা হ্যাপি (সন্তুষ্ট)।" তবে কয়েকটি স্থানে গোলযোগের বিষয়টি স্বীকার করে তিনি জানান, ভোলার বোরহানউদ্দিনের একটি এবং বরিশালের মেহেন্দীগঞ্জের অন্য একটি কেন্দ্রে ভোট বাতিল করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। বোরহানউদ্দিন পৌরসভার কুতবা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর প্রতীকে সিলমারা ১০০টি ব্যালট উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নির্বাচনী দায়িত্ব পালনরত তিন কর্মকর্তাকে। মেহেদীগঞ্জের চর হোগলা কওমী মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপারের মুড়িবই ছিনতাই হওয়ায় সেখানে নির্বাচন বাতিল করা হয়েছে। রাত সাড়ে ৭টার দিকে নির্বাচন কর্মকর্তারা বিভিন্ন পৌরসভার নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়। রাত সাড়ে ১২টা পর্যন্ত দুই বিভাগের ৪৯টি পৌরসভার ফল পাওয়া যায়। এ দুই বিভাগের নির্বাচনযোগ্য পৌরসভাগুলোয় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৬ হাজার ৩৫৭। গত দুদিনে হওয়া চার বিভাগের নির্বাচনে আওয়ামী লীগের তুলনায় এগিয়ে রয়েছে বিএনপি। ১২১টি মেয়র পদের মধ্যে বিএনপি সমর্থিত ৪৬ মেয়র আর আওয়ামী লীগ সমর্থিত মেয়র ৪০। এছাড়া দুই দলের বিদ্রোহী প্রার্থী মেয়র রয়েছেন ১৯ জন। এরমধ্যে আওয়ামী লীগের ১২, বিএনপির ৭ জন রয়েছে। স্বতন্ত্র প্রার্থী ৯ জন, জামায়াত সমর্থিত ৫ জন ও জাতীয় পার্টি সমর্থিত ২জন মেয়র নির্বাচিত হন। তবেখুলনা ও বরিশাল বিভাগে জামায়াত ও জাতীয় পার্টি সমর্থিতরা কোনো পৌরসভায় মেয়র নির্বাচিত হননি। খুলনা বিভাগ কুষ্টিয়ার ভেড়ামারা, কুমারখালী, মিরপুর, যশোরের বেনাপোল, ঝিনাইদহের হরিণাকুণ্ডু, কালিগঞ্জ, খুলনার পাইকগাছা, বাগেরহাট সদর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী জিতেছেন মেহেরপুরের গাংনী, ঝিনাইদহের শৈলকূপা, বাগেরহাটের মোড়েলগঞ্জ ও নড়াইলের কালিয়া পৌরসভায় । এ বিভাগে বিএনপি সমর্থিতরা মেয়র নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গ, দর্শনা, সাতক্ষীরা, যশোরের সদর, চৌগাছা, কেশবপুর, মনিরামপুর, নওয়াপাড়া, বাঘারপাড়া, ঝিনাইদহের কোটচাঁদপুর, বাগেরহাটের মংলাপোর্ট ও নড়াইল সদর পৌরসভায়। ঝিনাইদহের মহেশপুর, চুয়াডাঙ্গার জীবননগর ও সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় নির্বাচিত হয়েছেন বিএনপি'র 'বিদ্রোহী প্রার্থী। এছাড়া স্বতন্ত্র প্রার্থী খুলনার চালনা ও মেহেরপুর সদর পৌরসভায় নির্বাচিত হয়েছেন। বরিশাল বিভাগ আওয়ামী লীগ সমর্থিত মেয়র নির্বাচিত পৌরসভাগুলো হলো- ভোলার লালমোহন, বোরহানউদ্দিন, পটুয়াখালী সদর, কলাপাড়া, বরিশালের মুলাদী, বানারিপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী, মেহেন্দিগঞ্জ, বরগুনা সদর, বেতাগী, পিরোজপুরের সদর, মঠবাড়িয়া, ও স্বরূপকাঠি। ভোলা সদর, দৌলতখান ও বরগুনার আমতলী পৌরসভায় জিতেছেন আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী। এ বিভাগে ঝালকাঠির নলছিটি পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী একমাত্র মেয়র নির্বাচিত হয়েছেন। ঝালকাঠি পৌরসভায় ভোট গ্রহণ হবে আগামী ২৭ জানুয়ারি। বরগুনার পাথরঘাটায় জিতেছেন স্বতন্ত্রী প্রার্থী। দুই বিভাগে জামায়াত ও জাতীয় পার্টি সমর্থিত কোনো প্রার্থী মেয়র নির্বাচিত হননি। বুধবার রাজশাহী ও রংপুর বিভাগের ৭২ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিরোধীদল বিএনপি সমর্থিত ৩২ প্রার্থী নির্বাচিত হন। ১৮ পৌরসভায় জিতেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। চার পৌরসভায় বিএনপি'র বিদ্রোহী প্রার্থী ও পাঁচ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হন। এছাড়া স্বতন্ত্র ছয়জন, জামায়াত সমর্থিত পাঁচজন ও জাতীয় পার্টি সমর্থিত দুজন মেয়র নির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএইচসি/ডিডি/এমএসবি/০০৩১ ঘ.