২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারিয়াকান্দিতে পুনর্নির্বাচনের দাবি

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় পুনর্নির্বাচন চেয়েছেন আওয়ামী লীগও বিএনপি সমর্থিত দুই প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

বগুড়া, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় পুনর্নির্বাচন চেয়েছেন আওয়ামী লীগও বিএনপি সমর্থিত দুই প্রার্থী। তারা বলছেন, কারচুপি করে তাদের ভোট বাতিল বলে দেখানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল হামিদ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল ওয়ারেছ এ অভিযোগ করেন। সারিয়াকান্দিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী টিপু সুলতান দুই হাজার ৮৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল হামিদ পেয়েছেন দুই হাজার ৬৮৩ ভোট। সংবাদ সম্মেলনে তারা বলেন, সারিয়াকান্দি পৌরসভার ২ নং ওয়ার্ডে ধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোট সংখ্যা ছিল ১ হাজার ৭৩টি। এর মধ্যে ১ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ওই ভোট কেন্দ্রের বাতিল ভোট দেখানো হয়েছে ৪৭২টি। তবে যে ভোটগুলি বাতিল দেখানো হয়েছে তা তাদের ভোট ছিল। সেই ভোট সরিয়ে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ও সিল বিহীন ব্যালট পেপার ব্যালট বাক্সে রাখা হয়েছিল। নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার অভিজিত রায়ের কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করে তাদের পরাজিত দেখানো হয় বলেও অভিযোগ করেন তারা। এই দুই প্রার্থী আরও জানান, তাৎক্ষণিকভাবে রিটানিং অফিসারের কাছে অভিযোগ দিয়েও তারা কোনো প্রতিকার পাননি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার অভিজিৎ রায় বলেন, "প্রিজাইডিং অফিসারের ফলাফলের উপর আমার অন্য কিছু করার সুযোগ নেই। নির্বাচনের কমিশনের নিয়ম অনুযায়ী আমি যথাযথ দায়িত্ব পালন করে বেসরকারি ফল ঘোষণা করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০১৪ ঘ.