চট্টগ্রাম, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই মেয়রপ্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।
পৌরসভায়র রোয়াজার হাট, ইছাখালী, চৌমুহনী এলাকার এ সংঘর্ষের কারণে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ ছিলো।
দুই মেয়র প্রার্থীর দাবি- সংঘর্ষে তাদের মোট ৮০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, আহতের সংখ্যা ৭-৮ জন। বেলা ৩টা নাগাদ পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান শিকদার ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে উচ্চ আদালতের দেওয়া স্থগিতাদেশকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত।
কামরুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলা নির্বাচন কর্মকর্তা আমার ও শাহজাহান শিকদারের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এ বিষয়ে হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট আমাদের মনোনয়ন বৈধ ঘোষণা করে।"
তিনি জানান, মঙ্গলবার এ বিষয়ে আরেক মেয়র প্রার্থী রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী আপিল বিভাগে আবেদন করেন। খলিলুর রহমানের আবেদনে তাদের মনোনয়নের বিষয়ে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগ।
সকালে স্থগিতাদেশের বিষয়টি শোনার পর দুই মেয়র প্রার্থীর সমর্থকরা রাঙ্গুনিয়া উপজেলা সদরের বিভিন্ন সড়কে অবস্থান নেয়।
শাহজাহান শিকদার অভিযোগ করেন, পুলিশ বিনা উস্কানিতে তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। এতে তিনি, তার ভাই আজাদ শিকদার, ছেলে সম্রাট শিকদার, ভাইপো সুমন শিকদারসহ ৫০ জন আহত হয়েছেন।
অপর প্রার্থী কামরুল ইসলাম বলেন, "পুলিশের হামলায় আমার ৩০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।"
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তার ঘটনাস্থল থেকে বেলা ৩টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এক ঘণ্টা আগে সড়কে যান চলাচল শুরু হয়েছে।
আগামী ১৮ জানুয়ারি এ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশন রাঙ্গুনিয়ার এ নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
রাঙ্গুনিয়া পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৬৮৫ জন। উপজেলা প্রশাসন এ পৌরসভার নয়টি ভোট কেন্দ্রের মধ্যে চারটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এজে/এমআই/১৬২২ ঘ.
bdnews24