২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার

বাংলাদেশ ছাত্রলীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার উদযাপিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ছাত্রলীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার উদযাপিত হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সোমবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সোমবার রাত ১২টা এক মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল প্রাঙ্গণে কেক কাটার মধ্য দিয়ে শুরু হবে দিনব্যাপী কর্মসূচি। সকাল ৮টায় ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে সকাল ১০টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হবে ছাত্র সমাবেশ। এতে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠালগ্নে নাইমউদ্দিন আহম্মেদকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। শেখ মুজিবুর রহমান ছিলেন এর প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৪৯ সালের ৫ই সেপ্টেম্বর রাজধানীর আরমানিটোলায় ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দবিরুল ইসলাম সভাপতি ও মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬'র ছয়দফা আন্দোলন, ৬৯'র গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধসহ বাঙালির অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রাম এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল ছাত্রলীগের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০০১ ঘ.