পিরোজপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রদলের পাঠাগার সম্পাদক তারিফুল ইসলাম অনু (৩২) খুন হয়েছেন।
শনিবার কাউখালী বন্দর থেকে অপহরণ করে উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
অনুর বাড়ি কাউখালী বন্দরে বলে পুলিশ জানিয়েছে।
অনুর ভাবী রোজিনা আক্তার ও কাউখালী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বিকাল ৩টায় জেলা শহর থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন অনু।
পথে বেকুটিয়া ফেরি পার হয়ে বন্দরে নামলে কয়েকজন সন্ত্রাসীসহ স্থানীয় কানা সেলিম ট্রলারে তুলে অনুকে উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের একটি ইটভাটার কাছে নিয়ে যায়। সেখানে ইট ও লোহার রড দিয়ে পিটিয়ে তাকে মারাত্মক আহত করে।
পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টায় তার মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে তাকে খুন করার কোনো কারণ জানাতে পারেনি পুলিশ কিংবা তার পরিবারের সদস্যরা।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আব্দুর রাজ্জাক আরো বলেন, কানা সেলিমের বিরুদ্ধে এলাকায় ছোটখাট সন্ত্রাসের অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৬ ঘ.
bdnews24