ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর-১ (কচুয়া) আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটের কার্যকারিতা মহীউদ্দীন খান আলমগীরের রিট আবেদনে ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
একইসঙ্গে ওই গেজেট প্রকাশ কেন অবৈধ হবে না, তার কারণ জানাতে কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
বিচারপতি এ এইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ রোববার দুপুরে এ আদেশ দেয়। সকালেই রিট আবেদন করেন আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন আলমগীর।
মহীউদ্দীন আলমগীরের প্রার্থিতা বাতিল করে গত ২২ সেপ্টেম্বর তার নির্বাচনী আসন চাঁদপুর-১ শূন্য ঘোষণার সিদ্ধান্ত নেয় ইসি।
পরদিনই আসটি শূন্য ঘোষণা করে বিশেষ গেজেট (২২ সেপ্টেম্বর তারিখ দিয়ে) প্রকাশ করে। এ আসনে ২২ ডিসেম্বরের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতার কথাও জানায় ইসি।
হাইকোর্টের আদেশের পর মহীউদ্দীনের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইসি সঠিক প্রক্রিয়া অনুসরণ না করেই মহীউদ্দিন খান আলমগীরের সদস্যপদ বাতিল ঘোষণা করেছে। এ জন্যই আদালত তা ছয় মাসের জন্য স্থগিত করেছে।"
এই আইনজীবী জানান, আদালতের এ সিদ্ধান্তের ফলে মহীউদ্দীন আলমগীরের সদস্য পদ বহাল থাকবে।
আলমগীরের পক্ষে আদালতে আইনজীবী ছিলেন রফিক উল হক, রোকনউদ্দিন মাহমুদ, শাহ মনজুরুল হক ও মোস্তাফিজুর রহমান খান।
দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা আলমগীরের সাজা হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়। এরপর উচ্চ আদালতও ইসির ওই সিদ্ধান্তের পক্ষে রায় দেওয়ার পরই ইসি ওই সিদ্ধান্ত নেয়।
অবশ্য উচ্চ আদালত ওই দুর্নীতি মামলায় আলমগীরকে ইতোমধ্যে অব্যাহতি দিয়েছে।
মহীউদ্দীন আলমগীর সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা আলমগীর চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১ লাখ ৭ হাজার ৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এহছানুল হক মিলন। তিনি পেয়েছিলেন ৮০ হাজার ৮৭২ ভোট।
অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলায় ১৩ বছর সাজা হওয়ায় ২০০৮ সালের ৩ ডিসেম্বর আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে ইসিতে তিনি আপিল করলে ৮ ডিসেম্বর তা খারিজ হয়ে যায়। এরপর হাইকোর্টে আলমগীর রিট আবেদন করলে ওই বছরের ১৫ ডিসেম্বর তা-ও খারিজ হয়।
বর্তমান সংসদে এর আগে ভোলা-৩ আসনটি আদালতের আদেশে শূন্য ঘোষণা করে সেখানে উপনির্বাচন করে ইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এমএইচসি/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24