২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে দাঁড়াবেন মিলন

চাঁদপুর-১ আসনে পুনর্র্নিবাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন কারাবন্দি বিএনপি নেতা আনম এহছানুল হক মিলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 10:14 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর-১ আসনে পুনর্নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন কারাবন্দি বিএনপি নেতা আনম এহছানুল হক মিলন। তবে ওই আসনে বিজয়ী মহীউদ্দীন খান আলমগীরের প্রার্থিতা বাতিল হওয়ায় মিলন নিজেকে বিজয়ী ঘোষণার দাবিও একইসঙ্গে জানিয়েছেন। নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা আলমগীরের কাছেই ২৫ হাজারের বেশি ভোটে হেরেছিলেন ওই আসনে এর আগে দুবার বিজয়ী মিলন। আদালত আলমগীরের প্রার্থিতা বাতিল করায় বুধবারই চাঁদপুর-১ (কচুয়া) আসন শূন্য ঘোষণার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তিন মাসের মধ্যে সেখানে আবার নির্বাচন হবে। তবে নির্বাচনের সময় সাজা বহাল থাকায় আলমগীরের প্রার্থিতা বাতিল হলেও পরে উচ্চ আদালত থেকে অব্যাহতি পান তিনি। ফলে পুনর্র্নিবাচনে অংশ নিতে পারবেন তিনি। বৃহস্পতিবার চাঁদপুরের আদালতে তিনটি মামলায় হাজিরা দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন। কুমিল্লা কারাগার থেকে তাকে চাঁদপুর আনা হয়। আদালত প্রাঙ্গণে মিলন সাংবাদিকদের বলেন, "নির্বাচন হলে আমি অবশ্যই অংশ নেবো। বিপুল ভোটে জয়লাভও করবো। তবে বৈধ প্রার্থী হিসেবে এবং দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি।" রাজনৈতিক প্রতিপক্ষ আলমগীরের সমালোচনা করে মিলন বলেন, "মহীউদ্দীন খান আলমগীরের হাত থেকে পরিত্রাণ পেতে কচুয়ার জনগণকে সচেতন হতে হবে।" মিলনের দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি বলেন, "আমার বিরুদ্ধে একে একে ১৭টি মামলা করে আজকে ১৯৪ দিন আমি কারাগারে অসুস্থ অবস্থায় আছি। দেশের বিভিন্ন কারাগারে আমাকে ১৫ বার পাঠিয়ে সরকারের কোষাগার থেকে অনেক অর্থ ব্যয় করেছেন মহীউদ্দীন খান আলমগীর। জনগণ এর জবাব দেবে।" মিলনের আইনজীবী এএনএম মাইনুল ইসলাম সাংবাদিকদের জানান, কচুয়া উপজেলায় কড়ইয়া গ্রামের কামাল গাজী কর্তৃক গত ১৮ আগস্ট, জাহাঙ্গীর হোসেন কর্তৃক গত ১৪ জুন এবং তাহেরা বেগমের গত ২২ জুন দায়ের করা তিনটি মামলায় মিলন আদালতে হাজিরা দিতে আসেন। এ সব মামলায় মিলনের বিরুদ্ধে বাদিদের হত্যার চেষ্টা, গুলিবর্ষণ, চাঁদা দাবি, ভাংচুরের অভিযোগ আনা হয়েছে। মামলা তিনটির মধ্যে কামাল গাজীর মামলায় মিলনের জামিন হয়নি। মিলনের বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে, তবে এর ১৪টিতে তিনি জামিন পেয়েছেন বলে আইনজীবী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০৫ ঘ.