২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সংসদে ফেরা না ফেরার সিদ্ধান্ত মঙ্গলবার

প্রধান বিরোধী দল বিএনপি সংসদে ফিরবে কি না, সে সিদ্ধান্ত হবে মঙ্গলবার। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 08:11 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপি সংসদে ফিরবে কি না, সে সিদ্ধান্ত হবে মঙ্গলবার। সংসদে যোগ দিতে স্পিকার আবদুল হামিদের আহ্বানের একদিন পরই বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার একথা জানালেন। তবে সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক শুক্রবার বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি উত্থাপন করে সংসদে যাওয়ার শর্ত হিসেবে তা পূরণের জন্য সরকারি দলের প্রতি আহ্বান জানান। জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন বসছে সোমবার। বিএনপি মহাসচিবের বক্তব্যে স্পষ্ট, অধিবেশনের শুরুর দিনে প্রধান বিরোধী দলকে সংসদে দেখা যাবে না। পঞ্চম অধিবেশন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জাতীয় বাজেট উপস্থাপনের আগে ২ জুন ২৫ মিনিটের জন্য বিএনপি সংসদে যায়। এরপর থেকে তারা সংসদ অধিবেশনে আর যোগ দেয়নি। দেলোয়ার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ বলেন, "সংসদে যোগ দেওয়া না দেওয়ার বিষয়টি নিয়ে আগামী মঙ্গলবার দলের স্থায়ী কমিটির বৈঠকে দলীয় সিদ্ধান্ত হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমাদের সংসদীয় দলের বৈঠকে।" মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দলের নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সংসদের আসন্ন অধিবেশন যোগ দিয়ে সরকারের ব্যর্থতা তুলে ধরতে স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জবাবে দেলোয়ার বলেন, "উনারা কোনো প্রতিশ্র"তি রক্ষা করেননি।" বিএনপি মহাসচিব শনিবার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে বলেন, "বিরোধী দলের ৭০ জন নেতাসহ বিএনপি সমর্থিত পেশাজীবী নেতাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা অবৈধ-বেআইনি, অগণতান্ত্রিক ও সংবিধানের মৌলিক অধিকার পরিপন্থী।" "একটি নির্বাচিত সরকার এভাবে কোনো তালিকা করতে পারে না", বলেন তিনি। বিদেশ যাওয়ার সময় বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনসহ বিভিন্ন নেতাকে বিমানবন্দরে বাধা দেওয়ার নজির তুলে ধরে দেলোয়ার বলেন, "এর মাধ্যমে প্রমাণ হয়, আমরা কোন শাসনামলে আছি। একে গণতান্ত্রিক সরকারের শাসন বলা যায় না।" যুবলীগকর্মী ইব্রাহীম আহমেদ হত্যার সঙ্গে সরকারদলীয় সংসদ সদস্য নূরন্নবী চৌধুরী শাওন জড়িত নন বলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক যে বক্তব্য দিয়েছেন, তারও সমালোচনা করেন দেলোয়ার। তিনি বলেন, "একজন মার্ডার করা আসামিকে নাস্তার টেবিলে ডেকে তাকে আসামি না করার মতো বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ কমিশনারের সাফাই বক্তব্যের মতলবটা কী- তা জনগণ বুঝে গেছে।" বিএনপির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করিম শাহিন, এবিএম মোশাররফ হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৩৩ ঘ.