২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়মমতো তাহেরের বিচার করেছেন জিয়া: হান্নান শাহ

সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী সেনাপ্রধান জিয়াউর রহমান কর্নেল এমএ তাহেরের বিচার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ্।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 03:49 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী সেনাপ্রধান জিয়াউর রহমান কর্নেল এমএ তাহেরের বিচার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ্। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরে এক স্মরণসভায় হান্নান বলেন, "কর্ণেল তাহের জাসদকে সঙ্গে নিয়ে সেনা ব্যারাকে ঢুকে বিদ্রোহ ছড়ানোর চেষ্টা করেন। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী সেনাপ্রধান জিয়াউর রহমান বিদ্রোহীদের কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করেছেন। এটাই ছিল সেনাপ্রধানের দায়িত্ব।" যুবদল নেতা কামাল হোসেনের স্মরণে ওই সভা ও ইফতার অনুষ্ঠান হয়। কর্নেল তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতের গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহেরের এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট গত ২৩ আগস্ট তাহেরসহ ১৭ জনের সামরিক আদালতে গোপন বিচারের নথি তলব করে। "সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের অজুহাতে জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা চলছে," অভিযোগ করে বৃহস্পতিবার হান্নান শাহ বলেন, "৭ম সংশোধনী বাতিল করা হলেও এরশাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। বরং এরশাদকে নিয়ে প্রধানমন্ত্রী গোপন বৈঠক করছেন।" নগর বিএনপির 'বিদ্রোহী' কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম, আতাউর রহমান আঙ্গুর, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনুউদ্দিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খান, শ্রমিক দল নেতা আবু আল ইউসুফ খান টিপু, কদম রসুল পৌর বিএনপির সভাপতি আজহারুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৪৫ ঘ.