কক্সবাজার, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সারসহ তিনজন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
শনিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় তার গাড়ি উল্টে যায়।
আহত অপর দু'জন তার গাড়ি চালক ও ব্যক্তিগত সহকারী। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
তাদের প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবেক আওয়ামী লীগ সাংসদ ও সাবেক রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌধুরীর নামাজে জানাজায় অংশ নিতে ব্যক্তিগত গাড়িতে করে তিনি কক্সবাজারের রামু আসছিলেন। পথে পানেরছড়া এলাকায় গাড়িটি উল্টে যায়।
আতাউর রহমান খান কায়সার কাঁধ ও ডান পায়ে গুরুতর আঘাত পান।
সালাহউদ্দিন আহমদ আরো জানান, দুর্ঘটনার পরপরই ওই পথে আসা সেনাবাহিনীর সদস্যরা তাদের গাড়ি করে আহতদের হাসপাতালে পৌঁছে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৭ ঘ.
bdnews24