চট্টগ্রাম, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম ও তার ভাইয়ের বিরুদ্ধে সাধারণ ডায়রি (জিডি) করেছেন এক গার্মেন্টস ব্যবসায়ী।
শুক্রবার নগরীর দেওয়ান হাটের এস এ অ্যাপারেলসের মালিক মীর ইফতেখার উদ্দিন তার তৈরি পোশাক কারখানা দখলের চেষ্টার অভিযোগ এনে ডবলমুরিং থানায় এ জিডি করেন।
ইফতেখারের পোশাক কারখানায় মেয়র ও তার ভাই তালা লাগিয়ে দিয়েছেন বলে জিডিতে দাবি করা হয়।
ডবলমুরিং থানার ওসি আইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জিডি নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ অভিযোগ তদন্ত করে দেখা হবে।
জিডিতে ব্যবসায়ী ইফতেখার অভিযোগ করেন, বৃহস্পতিবার কারখানা বন্ধের পর রাত সাড়ে আটটার দিকে তাহের গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর আলম ও তার ভাই আবু তাহেরের নির্দেশে ২৫-৩০জন সন্ত্রাসী কারখানার নিরাপত্তা কর্মী ও তাকে (ইফতেখার) অস্ত্রের মুখে ভয়ভীতি দেখায়।
একপর্যায়ে সন্ত্রাসীরা কারখানার তিনটি তলার দরজা লোহার পাত দিয়ে ওয়েল্ডিং করে বন্ধ করে দেয়। পরে তারা কারখানার সামনে ঝুট কাপড়ে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।
মেয়র তার ক্ষমতার অপব্যবহার করে কারখানাটি দখলের জন্য এই কাজ করেছেন বলে ডায়রিতে উল্লেখ করা হয়।
ইফতেখার উদ্দীনের মালিকানাধীন এস এ অ্যাপারেলস দেওয়ানহাটের গোল্ডেন স্টার ভবনের তিনটি তলায় অবস্থিত। ভবনের মালিক এম মনজুর আলম ও তার ভাই আবু তাহের। মাসিক ৫০ হাজার টাকায় এ তিনটি তলা ভাড়া নেন ইফতেষার।
এ ব্যাপারে মেয়র মনজুর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২২৩০ ঘ.
bdnews24