২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গণতন্ত্র ব্যাহত হয় এমন কিছু করবেন না'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 03:17 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "সরকারের অন্যায় থাকলে সমালোচনা করবেন, তবে এমন কিছু করবেন না যাতে গণতন্ত্র ব্যাহত হয়।" শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এক ইফতার পার্টিতে প্রধান অতিথির বতৃতায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের যৌথ উদ্যোগে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। তথ্য অধিকার আইন পাস ও সংবাদপত্রের স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দিয়ে সাংবাদিকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, "স্বাধীনতা ভোগ করতে গেলে সমাজ ও দেশের প্রতি দায়িত্ব চলে আসে, তা খেয়াল রাখবেন। সংবাদপত্র সমাজের দর্পণ। সংবাদপত্রের কল্যাণে তথ্য জানা যায়। এবং তড়িৎ ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়। সাংবাদিকতা সে ভাবেই করবেন যাতে জনগণের কল্যাণ হয়। এটা আপনাদের প্রতি আমার দাবি।" শেখ হাসিনা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার সাংবাদিক বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে। এর তদন্ত করে বিচার করা হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, সরকার ১৯৭৪ এর নিউজপেপার এমপ্লয়ার্স সার্ভিস অ্যাক্ট পুনর্বহাল করা যায় কি না, তা বিবেচনা করছে। জোট সরকারের আমলে চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেওয়ারও আশ্বাস দেন তিনি। ইফতারের আগে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি সবার সঙ্গে ইফতার করেন। ইফতার পার্টিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সিপিবি'র সভাপতি মঞ্জুরুল আহসান খান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আলতাফ মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আখতার ইউসুফ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ, বিভিন্ন পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিরা ইফতারে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এএনএস/এইচএ/২১৩৮ঘ.