ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলে উচ্চতর আদালতের রায়ের বাস্তবায়নই সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিএনপি নেতা মওদুদ আহমেদ।
শুক্রবার দুুপুরে গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
মওদুদ বলেন, "পঞ্চম সংশোধনীর বাতিলের ধারাবাহিকতায় সপ্তম সংশোধনীর ক্ষেত্রেও আদালত একই রায় দিয়েছে। এটাই স্বাভাবিক ও যৌক্তিক। তবে এ রায় কীভাবে সরকার বাস্তবায়ন করবে তা এখন দেখার বিষয়। কারণ এটি খুব সহজ কাজ নয়, কঠিন ও দুরূহ।"
এরশাদ সরকারের সপ্তম সংশোধনীকে অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় সে সময়ের উপরাষ্ট্রপতি মওদুদ বলেন, "সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই সংবিধানে সপ্তম সংশোধনী আনা হয়েছিল।"
তবে সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ কাজ বলে তিনি মনে করেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, "অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করতে সরকার সংবিধানে কোনো সংশোধনী আনে কিনা- তা এখন দেখার বিষয়। এ ব্যাপারে বিশেষ কমিটি কী করে তা দেখতে হবে। কারণ এই সরকারের দুই তৃতীয়াংশেরও বেশি আসন রয়েছে। তারা চাইলে অবৈধ মার্শাল ল'র মাধ্যমে ক্ষমতা দখলের পথ বন্ধের উদ্যোগ নিতে পারে।"
বৃহস্পতিবার হাইকোর্ট সংবিধানের সপ্তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে। সেই সঙ্গে জেরনারেল এইচএম এরশাদের সামরিক শাসনকে সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/১৮৪৮ ঘ.
bdnews24