ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিরুদ্ধে ঈদের পর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
মঙ্গলবার মহানগর বিএনপি আয়োজিত এক ইফতার পার্টিতে তিনি এ ঘোষণা দেন। দলীয় নেতা-কর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।
খালেদা বলেন, "১৯ মাসে বর্তমান সরকার প্রমাণ করেছে, তারা অপদার্থ ও ব্যর্থ সরকার। দেশের মানুষ আজ দুঃসহ জীবন যাপন করছে। এ থেকে মুক্তির লক্ষ্যে ঈদের পর কর্মসূচি দেওয়া হবে।''
দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যার সমাধানসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার 'ব্যর্থ' হয়েছে বলে তিনি দাবি করেন।
এ প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা বলেন, "তারা (সরকার) কোনো সমস্যারই সমাধান দিতে পারেনি। মানুষের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেনি। আবার তারাই বলে- আমার দলে কেউ সন্ত্রাস করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অথচ সরকারি দলের একজন এমপি খুন করেও প্রকাশ্যে ঘুরে বেড়ায়, অথচ তাকে গ্রেপ্তার করা হয় না।"
সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এই সরকার দেশটাকে একটি কারাগারে পরিণত করেছে। তারা অতীতের মতো স্বৈরাচারী একদলীয় শাসন চালাচ্ছে।
সংসদ ভবন প্লাজায় এই ইফতার পার্টির আয়োজন করেন দলের সহসভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।
ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন মহানগরের নেতা-কর্মী ও দলীয় কাউন্সিলরদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ইফতার শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খালেদা জিয়া। পরে দোয়া মাহফিল শেষে সবার সঙ্গে ইফতার করেন তিনি।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালামসহ শতাধিক আমন্ত্রিত অতিথি ইফতারে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪২ ঘ.
bdnews24