২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীকে ২১ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হবে

একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আগামী ২১ সেপ্টেম্বর হাজির করার নতুন তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 05:40 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আগামী ২১ সেপ্টেম্বর হাজির করার নতুন তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইদিন জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার আবেদনসমূহেরও শুনানির দিন ধার্য করছে আদালত। পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মো. নিজামুল হক, এ টি এম ফজলে কবির ও এ কে এম জহির আহমেদ মঙ্গলবার সকালে চেম্বারে বসে এই আদেশ দেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহীনুর ইসলাম। তিনি জানান, এই আদেশের সময়ে সাঈদীর দুই আইনজীবীও উপস্থিত ছিলেন। তবে রাষ্ট্রপক্ষের কেউ ছিলেন না বলে জানান তিনি। সকাল সোয়া ১০টার দিকে বিচারকরা এসব সিদ্ধান্ত নেন বলে জানান রেজিস্ট্রার। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী মঙ্গলবার সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিলো। কিন্তু আদালত কক্ষের সংস্কারের কারণে ট্রাইব্যুনাল বসেনি। বিচারকরা চেম্বারে বসে এই নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ১০ অগাস্ট সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করার কথা থাকলেও অসুস্থ থাকায় তাকে কারা কর্তৃপক্ষ হাজির করতে পারেনি। ওইদিন তার অনুপস্থিতিতে ট্রাইব্যুনাল ২৪ অগাস্ট পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করে। একই অপরাধের এক মামলায় এর আগে গত ২ অগাস্ট জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিন আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের চারজনকে এ মামলায় গ্রেপ্তার রাখার আদেশ দিয়ে কারাগারে পাঠানো নির্দেশ দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ অগাস্ট ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক দেখানোর এক আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে ১০ অগাস্ট (মঙ্গলবার) হাজির করার আদেশ দেন। ১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এর ৩/২ ধারায় অপরাধ তদন্তের স্বার্থে সাঈদীকে আটক দেখানোর জন্য ওই আবেদন জানানো হয়। এ ধারায় হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের কথা উল্লেখ রয়েছে। এর মধ্য দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে এই আদালতের বিচার কাজ শুরু হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১১৩৬ ঘ.