ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ইজারা সংক্রান্ত যাবতীয় নথি তলব করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আদালত রিট আবেদনটির ওপর শুনানি মুলতবি করেছে। সরকারকে ওই সময়ের মধ্যে বাড়িটির ইজারা সংক্রান্ত নথি আদালতে জমা দিতে বলা হয়েছে।
রিট আবেদনের ওপর শুনানির সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, খালেদার বাড়িটি সেনানিবাসের 'ক' তালিকাভুক্ত জমি। সেনানিবাসের 'ক' তালিকার কোনো জমি কাউকে ইজারা দেওয়া যায়না।
এর জবাবে রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, বাড়িটি 'ক' তালিকার জমি নয়। তাই বৈধভাবেই বাড়িটি ইজারা দেওয়া হয়েছে।
গত বছরের ২০ এপ্রিল খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ৩ মে বিএনপি চেয়ারপারসন হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। এরপর গত বছরের ৭ মে ও ২৪ মে আরও দুই দফায় খালেদাকে সেনানিবাসের বাড়ি ছাড়তে নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর।
রিট আবেদনটির ওপর প্রাথমিক শুনানি গ্রহণ করে গত বছরের ২৭ মে হাইকোর্ট রুলনিশি জারি করে। সেইসঙ্গে আদালত খালেদার বাড়ি ছাড়ার নোটিশের কার্যক্রম স্থগিত করে দেয়।
গত ৬ জুন রিট আবেদনটির ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শুরু করে হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৯৪৩ ঘ.
bdnews24