ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার দুপুরে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে এ দাবি জানান।
কোকোর সাময়িক মুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ছাত্রদল এ সমাবেশ থেকে রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে।
সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে নাইটিঙ্গেল রেস্তোরাঁর কাছ থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, "সরকার প্রতিহিংসামূলকভাবে কোকোর সাময়িক মুক্তি (প্যারোল) বাতিল করেছে। এর মাধ্যমে সরকারের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ হয়েছে।
"আমরা কেবল কোকোর প্যারোল পুনর্বহালই নয়, তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।"
বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি বাতিল করে তাকে ৩১ অগাস্টের মধ্যে দেশে ফিরে আসতে বলা হয়েছে।
সাময়িক মুক্তিতে থাকা কোকো ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
গত ১৪ অগাস্ট তার সাময়িক মুক্তির মেয়াদ শেষ হয়। এ মেয়াদ বাড়াতে কোকোর করা আবেদন গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর কোকোকে গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়।
এরপর ২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমোদন দেওয়া হয়।
এরপর থেকে নিয়মিত আবেদন করে এ মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিলো।
সমাবেশে মির্জা ফখরুল আরো বলেন, "আরাফাত রহমান অসুস্থ। তিনি এখনো পুরোপুরি হাঁটতে পারেন না, শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়।
"শর্তভঙ্গের অভিযোগ এনে তার প্যারোল বাতিল করেছে সরকার। এটা সরকারের একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক সিদ্ধান্ত।"
তিনি বলেন, "দ্বৈতনীতি অবলম্বন করে সরকার দেশ পরিচালনা করছে। সরকারি দলের সব ধরনের মামলা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
"অন্যদিকে বিরোধী দলের কোনো মামলাই প্রত্যাহার করা হচ্ছে না। উল্টো আরো মামলা দেওয়া হচ্ছে।"
গ্যাস-পানি-বিদ্যুৎ সঙ্কট ও দ্রব্যমূল্য পরিস্থিতির কথা উল্লেখ করে মির্জা আলমগীর বলেন, "সরকার দেশকে হিরক রাজার দেশে পরিণত করেছে।
"নিজেরা নিজেদের মতো করে একদলীয়ভাবে দেশ শাসন করছে। তারা দেশের মানুষের কাছে দেওয়া কোনো অঙ্গীকারই বাস্তবায়ন করেনি।"
ছাত্রদল সভাপতি টুকুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/কেএমএস/১৪৫৯ ঘ.
bdnews24