চাঁদপুর, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।
এ নিয়ে বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলনের বিরুদ্ধে ১৬টি মামলা হলো।
আগে করা ১৫ মামলার মধ্যে ১৪টিতে তিনি জামিনে আছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
হত্যা চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে বুধবার কচুয়া উপজেলার কড়ইয়া গ্রামের যুবলীগ নেতা গাজী কামাল বাদি হয়ে কচুয়া থানায় মামলাটি করেন।
মামলায় মিলনসহ মোট ২৬ জনকে আসামি করা হয়েছে বলে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
কচুয়া আসনের আওয়ামী লীগের সাংসদ মহীউদ্দিন খান আলমগীরের গাড়ি ভাংচুরের মামলায় মিলন বর্তমানে কারাগারে রয়েছেন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনে তিনি এ আসনে আলমগীরের কাছে পরাজিত হন।
এসআই মোবারক জানান, মামলার এজাহারে বলা হয়েছে- ২০০৬ সালের ৬ অক্টোবর রাতে মিলনের নেতৃত্বে আসামিরা সশস্ত্র অবস্থায় যুবলীগ নেতা কামালকে কচুয়া বাইপাস এলাকায় আটকে রেখে চাঁদা দাবি করে।
চাঁদা না দেওয়ায় তারা কামালকে হত্যার চেষ্টা করে।
এর আগে গত ১১ জুলাই মিলনের বিরুদ্ধে কচুয়া থানায় ৩২ জনকে আসামি করে আরেকটি মামলা করেন কামাল।
আগামী ২৩ অগাস্ট চাঁদপুরের একটি আদালতে এই মামলায় মিলনকে জিজ্ঞাসাবাদের আবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।
মিলনের আইনজীবী কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বর্তমানে কুমিল্লা কারাগারে আটক আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24