২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় কমিটির অভিযোগ উড়িয়ে দিলেন কাদের

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জিএম কাদের তার মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে এই মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির আনা অভিযোগ নাকচ করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2010, 12:20 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জিএম কাদের তার মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে এই মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির আনা অভিযোগ নাকচ করে দিয়েছেন। বৃহস্পতিবার সংসদীয় কমিটি অভিযোগ করে, বিমানের জন্য উড়োজাহাজ ভাড়া নেওয়ার ব্যাপারে মন্ত্রীর মেয়ে ও জামাইয়ের হাত ছিল। শুক্রবার নিজের বাসভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জিএম কাদের বলেন, "আইনগতভাবে বিমান একটি পাবলিক লিমিটেড কোম্পানি। পরিচালনা পর্ষদই বিমানের মালিক।" তিনি বলেন, "উড়োজাহাজ ভাড়া নেওয়ার ব্যাপারে মন্ত্রী বা মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নেই। তাই, এতে আমি বা আমার মেয়ে বা আমার জামাইয়ের সংশ্লিস্টতার সুযোগ নেই।" নীতি নির্ধারণে বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মন্ত্রী বা মন্ত্রণালয়ের কথা মেনে চলতে বাধ্য না। মন্ত্রী বলেন, এবছর ১৫ জুন এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয় যে, হজযাত্রীদের পরিবহনে উড়োজাহাজ ভাড়া নেওয়ার জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করবে বিমান। কিন্তু বিমান কর্তৃপক্ষ নিজেদের বোয়িং কোম্পানির উড়োজাহাজের জন্য দর ডাকে। তিনি বলেন, "আমরা চেয়েছিলাম এয়ারবাসসহ অন্যান্য কোম্পানিও এতে অংশ নিক। কিন্তু বিমান স্বাধীনভাবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়।" বিমান কর্তৃপক্ষ আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের পরিবহনের জন্য অসবান অ্যারোনটিকাল সার্ভিসেসকে নির্বাচিত করে। বৃহস্পতিবার সংসদীয় কমিটি অভিযোগ করে কমিটির সভায় যোগ না দিয়ে মন্ত্রী সংসদীয় রীতি লংঘন করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, "আমি সংসদীয় স্থায়ী কমিটির আগের সবগুলো সভায় উপস্থিত ছিলাম। কিন্তু হজ মৌসুম নিয়ে একটি জরুরি সভার কারণে বৈঠকটিতে থাকতে পারিনি।" তিনি জানান, সভাটির তারিখ পরিবর্তনের জন্য বেশ কয়েকবার কমিটির চেয়ারম্যানকে অনুরোধ জানানোর চেষ্টা করেছেন তিনি। "কিন্তু তার কর্মকর্তারা আমাকে জানান যে, সভায় যোগ না দিলে কোনো সমস্যা হবে না। এতে আমার মনে হয়েছে তারা আমার সভাটির গুরুত্বটা বুঝেছেন," বলেন তিনি। কমিটির সদস্য মহিউদ্দিন খান বাদল অভিযোগ করে বলেন, অস্ট্রেলীয় অপারেটর কোম্পানি থেকে ভাড়া নেওয়ার বিষয়ে মন্ত্রীর মেয়ে ও জামাইয়ের ভূমিকা খতিয়ে দেখবে সংসদীয় কমিটি। জিএম কাদের বলেন, "আমি পরে জানতে পেরেছি, তারা আমার, আমার মেয়ে ও জামাই সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন।" পাল্টা অভিযোগের সুরে তিনি বলেন, "আমার তো মনে হয় আমার নামে কুৎসা রটানোর জন্যই এ সভা করা হয়েছে।" এর আগে বেশ কয়েকবার পদত্যাগের হুমকি দিয়েছিলেন জিএম কাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/জিএনএ/১৮১৭ ঘ.