ঢাকা, অগাষ্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাজাহান সিরাজের স্ত্রী ছয়টি দুর্নীতি মামলায় ৪৩ বছরের সাজাপ্রাপ্ত রাবেয়া সিরাজকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন।
শুনানি শেষে বিচারক জেসমিন আনোয়ার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০০৭ সালের ২৭ অগাষ্ট চারটি, ২০০৮ সালের ২২ এপ্রিল, ২০০৭ সালের ২৯ অগাষ্ট একটি করে মামলায় তার বিরুদ্ধে মোট ৪৩ বছরের কারাদন্ড হয় বলে মামলার নথিপত্র সূত্রে জানা যায়।
এর মধ্যে পাঁচটি আয়কর ফাঁকির মামলায় ৪০ বছর এবং সম্পদের তথ্য গোপনের অপর একটি মামলায় ৩ বছর সাজা দেন বিভিন্ন বিশেষ জজ আদালতের বিচারক। সাজার রায়ে তার বিরুদ্ধে বিভিন্ন পরিমান জরিমানাও করা হয়।
রাবেয়া সিরাজের আইনজীবী সৈয়দ আহমেদ গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাবেয়া সিরাজ হাইকোর্টে আপিল করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৪২৯ ঘ.
bdnews24