ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আগামী ২৪ অগাস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ মামলায় সাঈদীকে মঙ্গলবার সকালে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিলো। তবে তিনি অসুস্থ থাকায় তাকে হাজির করা সম্ভব হয়নি।
তার অনুপস্থিতিতে সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালের বিচারক মো. নিজামুল হক ও এ টি এম ফজলে কবির আসন গ্রহণের পর আদালতের কার্যক্রম শুরু হয়। ১০টা ৫০ মিনিট পর্যন্ত কার্যক্রম চলার পর আদালত ২৪ অগাস্ট পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
বিচারক প্যানেলের সদস্য এ কে এম জহির আহমেদ অসুস্থ থাকায় এদিন আদালতে আসেননি।
এর আগে সকালে কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা জানান, সাঈদী অসুস্থ থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হচ্ছে না। আদালত বসলে এ সংক্রান্ত একটি আবেদন জমা দেওয়া হবে।
একই অপরাধের মামলায় এর আগে গত ২ অগাস্ট জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে পুরানো হাইকোর্ট ভবনে স্থাপিত এই ট্রাইব্যুনালে হাজির করা হয়।
সেদিন আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের চারজনকে এ মামলায় গ্রেপ্তার রাখার আদেশ দিয়ে কারাগারে পাঠায়।
ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরুর পর সাঈদীর পক্ষে আইনজীবী তাজুল ইসলাম আদালতের কাছে দুটি আবেদন উপস্থাপন করেন।
মঙ্গলবার আদালতে সরকার পক্ষে ছিলেন ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপু, সদস্য সৈয়দ রেজাউর রহমান, সৈয়দ হায়দার আলী, জিয়াদ আল মালুম, আবদুর রহমান হাওলাদার ও আলতাফ হোসেন।
আদালত মুলতবির পর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "গুরুতর অসুস্থতার কারণে সাঈদী সাহেবকে আদালতে হাজির করা যায়নি। আমরা সাঈদী সাহেবের মামলার বিষয়ে দুটি আবেদন আদালতের কাছে দিয়ে বলেছি, তার উপস্থিতিতে শুনানি প্রয়োজন। এজন্য সময় প্রার্থনা করেছি। আদালত তা মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন ২৪ অগাস্ট ধার্য করেছেন।"
তিনি জানান, মঙ্গলবার আদালতের কার্যতালিকায় নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদেরের পক্ষে দেওয়া ছয়টি আবেদনের ওপরও শুনানি হওয়ার কথা ছিলো। এগুলোও ২৪ অগাস্ট শুনানি করবেন বলে ট্রাইব্যুনাল জানিয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ অগাস্ট ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক দেখানোর এক আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে ১০ অগাস্ট (মঙ্গলবার) হাজির করার আদেশ দিয়েছিলো।
১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এর ৩/২ ধারার অপরাধ তদন্তের স্বার্থে সাঈদীকে আটক দেখানোর জন্য ওই আবেদন জানানো হয়। এ ধারায় হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের কথা উল্লেখ রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে গত ২৬ জুলাই ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক দেখানোর এক আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে ২ অগাস্ট হাজির করার আদেশ দেন।
এর মধ্য দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে এই আদালতের বিচার কাজ শুরু হয়।
সেদিন আদেশে ট্রাইব্যুনাল আরো বলে, "গত ২১ জুলাই ট্রাইব্যুনালে দায়ের করা ১ নম্বর মামলায় নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে। চিফ প্রসিকিউটর বলেছেন, তদন্তের স্বার্থে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রয়োজন।
"চিফ প্রসিকিউটর আরো বলেছেন, যদিও তারা অন্য মামলায় গ্রেপ্তার আছেন; কিন্তু এ মামলায় তারা গ্রেপ্তার নন। ওইসব মামলায় তাদের জামিন পাওয়ার এবং বিদেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন।"
নিজামী, মুজাহিদ, সাঈদী, কামারুজ্জামান ও কাদেরকে স
bdnews24