ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর বক্তব্য 'শিষ্টাচারবহির্ভূত' বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার মুক্তাঙ্গনে বিএনপির বিক্ষোভ-সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে এবং দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মির্জা আব্বাসসহ বন্দি নেতাদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ-সমাবেশ করে বিএনপি।
গত ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক লীগের এক সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন,''নাকে খত দিয়ে বলুন, আর কোনোদিন দুর্নীতি করবেন না।''
বিকাল ৪টায় মুক্তাঙ্গনে এই সমাবেশ শুরু হয়।
খন্দকার মোশাররফ বলেন, ''বিরোধী দলের সমালোচনা সহ্য করতে না পেরে সরকার এখন বেসামাল হয়ে পড়েছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীর বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী নিজেই। বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তাই গণতন্ত্রকে রক্ষা করতে হলে সরকারের এসব অপচেষ্টা রুখে দিতে হবে।''
আগামী ৯ আগস্ট পল্টন ময়দান থেকে গণমিছিলের কর্মসূচিতে শরিক হতে দলের নেতা-কর্মীর প্রতি আহবান জানান তিনি।
খন্দকার মোশাররফ বিরোধী দলীয় নেতার উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বলেন, ''একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশের মানুষ এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য আশা করে না। আপনি সারাদেশে খবর নিয়ে দেখুন, এরকম বক্তব্যের জন্য জনগণ আপনাকে ধিক্কার দিচ্ছে। বিএনপিও আপনাকে আজ ধিক্কার জানাচ্ছে।''
খোন্দকার দেলোয়ার হোসেনসহ দলের অন্যান্য নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি নেতাদের অবিলম্বে মুক্তির দাবিও জানান তিনি।
দ্রব্যমূল্য পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সাবেক এই মন্ত্রী দাবি জানান, অবিলম্বে দ্রব্যমূল্য কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। বিদ্যুৎ-গ্যাস-পানি সংকটের সমাধান করতে হবে। এসব বিষয়ে আর কোনো অজুহাত চলবে না।
তিনি অভিযোগ করেন, সরকার তার ব্যর্থতা আড়াল করতে নানা রকম ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে জনগণকে সজাগ থাকার আহবান জানান তিনি।
এদিকে সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পর সমাবেশ স্থলের অদূরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই গ্র"পের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বন্ধন আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্র্তি করার পর তার প্রতিপক্ষ গ্র"প সেখানে এসে তার উপর হামলা চালায়। এসময় হাসপাতালেও বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে বন্ধন হাসপাতাল থেকে পালিয়ে যায়।
দলের সহসভাপতি ও সিটি মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সহসভাপতি সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মাহবুবউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯০০ ঘ.
bdnews24