চট্টগ্রাম, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দায়েরকৃত মামলায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ তিন নেতার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব রায় চৌধুরী তিন নেতাকে ২৩ সেপ্টেম্বর আদালতে হাজির হবার নির্দেশ দেন।
অভিযুক্ত অপর দুই বিএনপি নেতা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া ও সহ-সভাপতি শাহ মোয়োজ্জেম হোসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউল খায়ের চৌধুরী বুধবার আদালতে অভিযোগ করেন।
মামলার বাদি পক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার বলেন, "বিচারক শুনানি শেষে বাদির অভিযোগ মামলা হিসেবে আমলে নিয়েছেন।"
অভিযোগে বলা হয়, গত ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপি আয়োজিত সমাবেশে ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া ও শাহ মোয়োজ্জেম হোসেন শেখ হাসিনাকে হুমকি দিয়ে বক্তব্য রাখেন। সমাবেশে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৫১৫ ঘ.
bdnews24