ঢাকা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা দু'মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
কয়েকটি রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসি এ সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এ কথা জানান।
নির্ধারিত সময়ের মধ্যে প্রধান বিরোধী দল বিএনপিসহ ২০টি নিবন্ধিত দল
আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ আটটি দল এ সময়সীমা বাড়ানোর আবেদন করে।
এ বিষয়ে ছহুল হোসাইন বলেন,"যেসব দল প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে, তাদেরকে দুই মাস সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময়ের মধ্যে দলের বার্ষিক আয়-ব্যয় বিবরণী দাখিল করতে হবে।"
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালার নিবন্ধন শর্ত অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের বার্ষিক অডিট প্রতিবেদন ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে।
তবে ৩১ জুলাই সাপ্তাহিক ছুটি থাকলে পরদিন অফিস খোলার সময় পর্যন্ত তা জমা দেওয়ার বিধান রয়েছে।
সময় বাড়ানোয় সিদ্ধান্তে আইনী কোনো 'ব্যত্যয়' ঘটেনি বলে মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার।
তিনি জানান, এটা একটি নিয়মতান্ত্রিক বিষয় (প্রসিডিউরাল ম্যাটার)। দলগুলোকে একটি প্রক্রিয়ার মধ্যে আসার সুযোগ দিতে হবে। দলগুলো নির্ধারিত সময়ে আবেদন করায় ইসি তা বিবেচনা করছে।
গত রোববার পর্যন্ত যেসব দল প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় চেয়েছে তার মধ্যে রয়েছে-বাংলাদেশ আওয়ামী লীগ (১ সেপ্টেম্বর পর্যন্ত), কৃষক শ্রমিক জনতা লীগ (৩০ সেপ্টেম্বর), গণতন্ত্রী পার্টি (আরো একমাস), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (৩১ আগস্ট), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি (আরো একমাস), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (৩০ সেপ্টেম্বর),
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (নির্ধারিত তারিখ নেই) এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (৩১ আগস্ট)।
এ ছাড়া আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া ২০টি দল হচ্ছে-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, প্রগতিশীল গণতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও খেলাফত মজলিশ।
জমা দেওয়া আয়-ব্যয়ের হিসাব সংক্রান্ত প্রতিবেদনগুলো ইসি পর্যালোচনা করে দেখছে বলে জানান নির্বাচন কমিশনার ছহুল হোসাইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএএ/১৬১৪ ঘ.
bdnews24