২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের রাজনীতি বন্ধ করার ষড়যন্ত্র হচ্ছে: বিএনপি

বিরোধী দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 10:00 AM

Updated : 25 Aug 2022, 05:25 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার দুপুরে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই অভিযোগ করেন। নজরুল ইসলাম খান বলেন, "সরকার বিরোধী দলের কার্যক্রম বন্ধ করার চেষ্টা চলাচ্ছে। নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে। রাজনৈতিক দলের কার্যক্রমকে সরকার এভাবে নিয়ন্ত্রণ করতে চায়। "অতীতে বাকশাল প্রতিষ্ঠা করে দেশে সব দল নিষিদ্ধ করা হয়েছিলো, কিন্তু শেষ রক্ষা হয়নি। সরকার সেই পথে এগুচ্ছে।" শিক্ষক কর্মচারি ঐক্যজোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে 'শিক্ষাক্ষেত্রে দ্রব্যমূল্যের প্রভাব' শীর্ষক এই আলোচনা সভা হয়। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর দেওয়ার বক্তব্য নাকচ করে দেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, "বেগম জিয়ার বিরুদ্ধে কোনো মামলায় দুর্নীতির প্রমাণ মেলেনি। তাহলে কেনো তিনি নাকে খত দেবেন ? এটা প্রধানমন্ত্রীর অযৌক্তিক বক্তব্য।" তিনি অভিযোগ করে বলেন, "সরকারি দলের এমন অনেককে মনোনয়ন দেওয়া হয়েছে, যারা দুর্নীতির অভিযোগ আদালতে দন্ডপ্রাপ্ত, তাদের মামলাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।" জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার কৃষক লীগের এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে বলেন, "দেশের মানুষের কাছে নাকে খত দিয়ে বলেন- আর দুর্নীতি করবেন না, জঙ্গিবাদ সৃষ্টি করবেন না। তা না হলে জনগন আপনাকে গ্রহন করবে না, ভোটও দেবে না।" পোশাক শিল্পে অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে নজরুল ইসলাম খান বলেন, "ভাংচুর করে যে অবস্থা সৃষ্টি করা হয়েছে, বিএনপি তার বিপক্ষে। এটা বন্ধ করা হোক।'' তিনি শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ থেকে নিুতম মজুরি ৫ হাজার টাকা দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, "নিুতম মজুরি ঘোষণার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শ্রমিক মজুরিকে আমানবিক বলেছিলেন।" পোশাক শিল্পে আগুন দেওয়াকে শ্রমিকদের কাজ নয় উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, "আমরা বিশ্বাস করি কোনো শ্রমিক তার প্রতিষ্ঠানে আগুন দিতে পারে না। মেশিন ভাঙতে পারে না।" তিনি বলেন, "ঘটনার নেপথ্যের লোকদের খুঁজে বের করা গেলে দেখা যাবে-ওইসব ঘটনা সরকারি দলের লোকজন ঘটিয়েছে।'' সংগঠনের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলাম বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬৫৬ ঘ.