২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ সমর্থিত তিনজন সিসিসি'র প্যানেল মেয়র

প্রথমবারের মতো ওয়ার্ড কাউন্সিলরদের গোপন ভোটে চট্টগ্রাম সিটি করপোরেশনের তিন প্যানেল মেয়র নির্বাচন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 02:39 PM

Updated : 25 Aug 2022, 05:08 PM

চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো ওয়ার্ড কাউন্সিলরদের গোপন ভোটে চট্টগ্রাম সিটি করপোরেশনের তিন প্যানেল মেয়র নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিসিসি মিলনায়তনে বিশেষ সাধারণ সভায় আওয়ামী লীগ সমর্থিত তিন ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র নির্বাচিত হন। গত ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন। এরা হলেন- ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ২ নম্বর সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোবায়রা নার্গিস খান ও ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। সিটি মেয়র এম. মনজুর আলম প্যানেল মেয়র নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন সিসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর-ই-এলাহী ও সচিব মো. কামরুজ্জামান। দুপুর একটা থেকে বেলা তিনটা পর্যন্ত ৫৫ জন ওয়ার্ড কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের ফলাফলে প্রথম ও দ্বিতীয় প্যানেল মেয়র নির্বাচন হলেও তৃতীয় প্যানেল মেয়র হিসেবে হাসান মাহমুদ হাসনী ও অপর প্রার্থী মোহাম্মদ সেকান্দার সমান ১৫ ভোট পেলে সর্বসম্মতিক্রমে লটারির মাধ্যমে হাসনী বিজয়ী হন। এর আগে সোমবার সিটি করপোরেশনের ১ম সাধারণ সভায় সরাসরি নির্বাচনের মাধ্যমে প্যানেল মেয়র নির্বাচনের সিদ্ধান্ত হয়। এতে ১৪ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ৮ জন মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনে গত তিনবছরে দুটি মেয়র প্যানেল গঠন করা হয়। এর মধ্যে একটি প্যানেল তত্ত্ববধায়ক সরকার গঠন করে। অপর প্যানেলটি গঠন করেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধ্যাদেশ অনুযায়ী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের থেকে নির্বাচন বা সমঝোতার ভিত্তিতে দুইজন পুরুষ ও একজন নারী সদস্যকে প্যানেল মেয়র নির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএএ/২০৩০ঘ.