সুমন মাহমুদ
প্রধান রাজনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান রাজনৈতিক অস্থিরতায় দেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ সদ্য প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়া।
ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা নিতে সিঙ্গাপুর রওনা হওয়ার দিন গত ৩১ মে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া শেষ সাক্ষাৎকারে তার এই উৎকণ্ঠার কথা প্রকাশ করেন।
মান্নান ভূঁইয়া বলেন, "দেশের অবস্থা ভালো নয়। যেভাবে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, তা দেশের অগ্রযাত্রার পথে বাধা ও গণতন্ত্রের জন্য অশুভ। এ পরিস্থিতি থেকে উত্তরণে এখনই প্রয়োজন জাতীয় ঐকমত্যের।"
দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির টানা ১১ বছর মহাসচিবের দায়িত্বপালনকারী এই বর্ষীয়ান রাজনীতিক সব সময়ই বিশ্বাস করেছেন, সরকার ও বিরোধী দলের মধ্যে সৌহার্দ্য ও সহমর্মিতা থাকলে জনকল্যাণে রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাবেই।
"কিন্তু এখন দেখছি- সরকার ও বিরোধী দলের মধ্যে ক্রমশঃ দূরত্ব বাড়ছে। সংসদটাও একপেশে। রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে বৈদেশিক ও বেসরকারি বিনিয়োগ কমে যাচ্ছে। নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে না। এরকম নেতিবাচক পরিস্থিতি দেশের জন্য ভালো কিছু নয়," আক্ষেপের সুরে বললেন তিনি।
গুলশানের ন্যাম ফ্ল্যাটের ভাড়া বসভবনে একান্ত আলাপচারিতায় মান্নান ভূঁইয়া এসব কথা বলছিলেন। শারীরিকভাবে কিছুটা দুর্বল বোধ করছিলেন সেদিন। এরপরও খোঁজ-খবর নেন তার দীর্ঘদিনের দল বিএনপির সহকর্মীদের।
"আমি টেলিফোন করলে হয়ত তারা ভিন্ন কিছু মনে করতে পারেন। তাই টেলিফোন করি না। তুমি (প্রতিবেদক) তো অনেকের কাছে যাও, তা জিজ্ঞাসা করছি- কেমন আছেন তারা।"
আলাপচারিতার ফাঁকেই মান্নান ভূঁইয়া তার চিরপরিচিত আপ্যায়ন 'চা আর টোস্ট বিস্কুট' আনতে বললেন গৃহকর্মীকে।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচার নিয়ে নিজের ভাবনার কথা খোলামেলাভাবে জানালেন তিনি।
মান্নান ভূঁইয়া বলেন, "যুদ্ধাপরাধের বিচারের কার্যক্রমকে আমি সমর্থন করি। তবে তা হতে হবে অবশ্যই স্বচ্ছ, আন্তর্জাতিক মান সম্পন্ন। এ বিচার নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, একপাক্ষিক না হয় সেদিকে নজর রাখতে হবে। কেবল প্রতিহিংসা কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে এই বিচারকে ব্যবহার করা হলে তা দেশের জনগণ গ্রহণ করবে না।"
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "ভালো না। সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব রয়েই গেছে এবং তা ক্রমশ বাড়ছে। দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোটারই উন্নতি হয়নি। সরকারি দলের ছাত্র সংগঠনের যে চরিত্র ফুটে উঠছে, তা গ্রহণযোগ্য নয় কোনোভাবেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে সহমর্মিতার বড়ই অভাব। সংসদ অকার্যকর হয়ে আছে, যা আমাদের গণতান্ত্রিক শাসনব্যবস্থার জন্য শুভ লক্ষণ নয়।"
সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব কমিয়ে আনার ব্যাপারে তার মতামত জানতে চাইলে মান্নান ভূঁইয়া বলেন, দেশের বৃহৎ দু'টি দলের নেতৃত্বকে আরো কাছাকাছি আসতে হবে। সহাবস্থান, সহমর্মিতা, সহিষ্ণুতার মানসিকতা ও সংস্কৃতি এই দু'টি দলের নেতৃস্থানীয়দের মধ্যে থাকতে হবে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। একই সঙ্গে বিরোধী দলকে সংসদে কথার বলার পর্যাপ্ত সুযোগ দিতে হবে। একমাত্র জাতীয় সংসদকে কার্যকর করার মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলা গেলে সরকার ও বিরোধী দল কাছাকাছি আসবে বলে তিনি মনে করতেন।
প্রধান বিরোধী দলের লাগাতার সংসদ বর্জনকে তিনি সমর্থন করেননি। বিরোধী দলের প্রতি তার পরামর্শ ছিল: "বিরোধী দলকে সংসদ যেতে হবে। সরকারি দল কথা বলতে না দিলে ওয়াক আউট করে আবার সংসদে ফিরে যেতে হবে। জনগণের সমস্যার কথা বলতে বারবার সংসদে গিয়ে মাইক চাইতে হবে, কথা বলতে হবে।"
রাজনীতি থেকে অবসর নেবেন কিনা জিজ্ঞেস করা হলে মান্নান ভূঁইয়া বলেন, "আমার পুরো জীবনটাই রাজনীতির ওপর গড়ে উঠেছে। ছাত্রজীবন থেকে দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করি। একসময় রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এখন আমার আর কোনো দল নেই। নরসিংদীর মানুষজনকে নিয়েই আমার দল।
"এইসব মানুষকে ঘিরেই আমার শৈশব ও কৈশোর কেটেছে। এই নরসিংদীর মানুষজনকে নিয়ে আমি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি। তাদেরকে নিয়ে অনেক স্মৃতি, অনেক ঋণ আছে। সেজন্য নরসিংদীর মানুষের জন্য বাকি সময়টা আমি উৎসর্গ করতে চাই।"
নতুন রাজনৈতিক দল গড়ার কোনো চিন্তাভাবনা তার ছিল না। এ সম্পর্কে প্রয়াত এই রাজনৈতিক নেতার সরল স্বীকারোক্তি: "নতুন কোনো দল গড়ার চিন্তা এই মূহূর্তে নেই। গণমাধ্যমে যা কিছু আসে, তা তাদের নিজস্ব ভাবনা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/০২২৯ ঘ.
bdnews24