রাজশাহী, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়ায় ছাত্রদল নেতা নুহ আলম হত্যার ঘটনায় শুক্রবার সন্ধ্যায় একটি মামলা হয়েছে।
নুহের মা সাহেরা বেগম বাদী হয়ে ১৬ জনকে আসামি করে পুঠিয়া থানায় মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক নুহ্ আলমকে (২৮) জবাই করে হত্যা করে।
আসামিরা হলেন- স্থানীয় সংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারার ছোট ভাই আবু হানিফ সুজা ও কাজী সালাউদ্দিন রিপন, ফয়সাল (৩২), মমতাজ আলী (৩৩), ওয়াজেদ আলী (৫২), মিঠুন (৩২), রাজু (২৯), রাসেল (২৫), শাহিন (২০), মকবুল (৪৫), সাইফুল ইসলাম (২৮), আসাদুল (২০), হিটলার (৩০), লুৎফর রহমান (৩৪), তারা (৩৫) ও রাসেল (২০)।
নিহতের মা সাংবাদিকদের জানান, এলাকার ইউসুফের ছেলে ফয়সালসহ কয়েকজন তার ছেলের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে প্রায়ই হত্যার হুমকি দেওয়া হতো।
পুঠিয়া থানার ওসি জিয়াউল ইসলাম মামলা বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ আভিযান অব্যহত রেখেছে।
এর আগে ২০০৯ সালের ২৯ জানুয়ারি রাতে নুহের বাবা দাউদ হোসেনও দুর্বৃত্তের হাতে খুন হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৭ ঘ.
bdnews24