২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হাসিনা রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন বলে আওয়ামী লীগ সাংসদদের জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 04:40 PM

Updated : 25 Aug 2022, 04:24 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন বলে আওয়ামী লীগ সাংসদদের জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের এক জরুরি সভায় শেখ হাসিনা তার ব্যক্তিগত মনোভাব প্রকাশ করেছেন বলে দলের একাধিক সাংসদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাংসদ সভা শেষে জানান, তারা একমত হয়েছেন যে, সংবিধান সংশোধন করা হলেও সেখান থেকে বিসমিল্লাহির রাহমানির রাহিম বাদ যাবে না। সভায় কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না করার পক্ষেও মতামত দেন কয়েকজন সংসদ। রাজনৈতিক দলের বিষয়টি নির্বাচন কমিশনের ওপরই ছেড়ে দিতে চায় তারা। এ সময় শেখ হাসিনা বলেন, "আমিও ব্যক্তিগতভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই।" প্রায় এক ঘন্টার এ বৈঠকে সরকারি দলের প্রায় সব সাংসদ যোগ দেন। কয়েকজন সাংসদ জানান, প্রধানমন্ত্রী বলেছেন, সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম থাকবে না বলে অপপ্রচার চালানো হচ্ছে। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে এমন কোন সংশোধনী আনা হবে না। সংবিধান সংশোধন করার উদ্যোগ নেওয়ার পর থেকেই সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রাহিম বাদ দেওয়া হবে বলে মনে করছে বিএনপি। সরকারের নীতি নির্ধারকরা অবশ্য বিষয়টি বারবার উড়িয়ে দিয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে আইন প্রতিমন্ত্রীসহ সরকার সমর্থকদের দাবি ও মতামত নিয়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ধর্মীয় দলগুলো আন্দোলনের হুমকি দিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/২২২০ ঘ.