ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে প্রস্তাবিত সর্বদলীয় সংসদীয় কমিটি বুধবার গঠন করা হবে বলে জােিয়ছেন চিফ হুইপ আব্দুস শহীদ।
মঙ্গলবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এই কমিটির জন্য এখনো বিএনপি'র মনোয়ন পাইনি। বুধবার এই কমিটি গঠন করা হবে।"
প্রস্তাবিত এই কমিটির সদস্যদের নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো চূড়ান্ত করেননি বলে জানান চিফ হুইপ।
ক্ষমতাসীন আওয়ামী লীগ পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে।
গত শুক্রবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য শীগগিরই একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে। এই কমিটিই ঠিক করবে কীভাবে সংবিধান সংশোধন করা হবে।
১৯৭৯ সালে তৎকালীন সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান সংবিধানে পঞ্চম সংশোধনী আনেন। এর ফলে সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র বিনষ্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/বিডি/জেবি/এইচএ/২০২৯ ঘ.
bdnews24