চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম মনজুর আলম চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র হিসেবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সিসিসির মেয়র পদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণের জন্য সকাল ১০টার দিকে আন্দরকিল্লার মোড়ে অবস্থিত নগর ভবনে পৌঁছান মনজুর আলম। এরপর তিনি সেখানে মিলাদ মাহফিলে অংশ নেন।
মিলাদ মাহফিল শেষে বেলা ১১টায় ভারপ্রাপ্ত মেয়র জহিরুল আলম দোভাষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব বুঝে নেন মনজুর আলম।
এ সময় সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর-ই-এলাহী চৌধুরী ও নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলররা সেখানে উপস্থিত ছিলেন।
গত ১৭ জুন অনুষ্ঠিত সিসিসি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম।
নির্বাচনে বিজয়ের এক মাস পর গত ১৮ জুলাই মনজুর আলম চট্টগ্রামের মেয়র হিসেবে শপথ নেন। ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করান।
একইদিন রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে চট্টগ্রামের নবনির্বাচিত ৫৫ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
এ সময় মনজুর আলম সেখানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠান শেষে বেরিয়ে মনজুর আলম সাংবাদিকদের বলেন, "মেয়র নির্বচিত করায় আমি চট্টগ্রামবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
তিনি জানান, জলাবদ্ধতা নিরসনসহ বন্দরনগরীর উন্নয়নে মেয়র নির্বাচনে যেসব অঙ্গীকার করেছেন তা পূরণে সরকারের সহযোগিতা চেয়েছেন।
নতুন মেয়র বলেন, "আমি আশা করছি, চট্টগ্রামের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা করবেন।"
শপথ নেওয়ার পর রোববার বিকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন মনজুর আলম। এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।
একইদিন মেয়র পদে নিজেকে নির্বাচিত ঘোষণার আবেদন জানিয়ে মনজুর আলমের বিরুদ্ধে মামলা করেন মহিউদ্দিন চৌধুরী।
মামলায় নবনির্বাচিত মেয়রের বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপন, নির্বাচনী বিধিমালা ভঙ্গ, ব্যালট বাক্স চুরি, ভোটারদের কাছে অবৈধভাবে টাকা লেনদেন ও বিভিন্ন বেআইনী কার্যক্রমের অভিযোগ আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১১১৪ ঘ.
bdnews24