ঢাকা, জুলাই ২০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দি নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে আগামী ২৫ জুলাই রাজধানীর পল্টন ময়দানে প্রতীকী গণঅনশন কর্মসূচি পালন করবে প্রধান বিরোধী দল বিএনপি।
মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, "দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বন্দি নেতাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমের সন্ধানসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২৫ জুলাই পল্টন ময়দানে প্রতীকী গণঅনশনের এই কর্মসূচি পালন করা হবে।"
বিএনপি মহাসচিব জানান, ওইদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মসূচি চলবে।
প্রতীকী গণঅনশন কর্মসূচি সফল করতে বিএনপির অঙ্গসংগঠন ঢাকার আশপাশের জেলার নেতাদের সঙ্গে যৌথসভাটি হয়।
দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুরসহ কয়েকটি জেলার নেতারা উপস্থিত ছিলেন।
সরকারের সমালোচনা করে সাবেক চিফ হুইপ দেলোয়ার বলেন, "সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লেলিয়ে বাধা দিয়েছে। এভাবে বাধা দিয়ে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।"
তিনি জানান, প্রতীকী গণঅনশন কর্মসূচির পর পর্যায়ক্রমে আরও কর্মসূচি দেওয়া হবে।
যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক এম এ মান্নান, শামসুজ্জামান দুদু, আবদুল মান্নান, ফজলুর রহমান পটল, আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, রিজভী আহমেদ, মহানগর সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এজে/১৪৫০ ঘ.
bdnews24