চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র এম মনজুর আলম বলেছেন, অতীতে নগর ভবনে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার সকালে মেয়রের দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
নগরীর জলাবদ্ধতা নিরসনকে প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা দিয়ে মনজুর আলম বলেন, ২৬ জুলাই অনুষ্ঠেয় প্রথম সাধারণ সভায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের জন্য পৃথক স্ট্যান্ডিং কমিটি গঠন করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, অতীতে চট্টগ্রাম ও চট্টগ্রামবাসীর উন্নয়নের জন্য যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে তার কোনোটি বন্ধ করা হবে না।
এর আগে মনজুর আলম তার বাবা-মার কবর ও সুফি সাধক হযরত শাহ আমানতের মাজার জিয়ারত শেষে সকাল ১০টায় চট্টগ্রাম নগর ভবনে পৌঁছান। এসময় সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারী ও ওয়ার্ড কাউন্সিলররা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
নগর ভবনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে এক মিলাদ মাহফিল শেষে সাড়ে ১০টায় তিনি নিজ কার্যালয়ে প্রবেশ করেন। এসময় মহানগর বিএনপির শীর্ষ নেতাদের কেউ উপস্থিত ছিলেন না। ছিলেন বিএনপি সমর্থিত পেশাজীবীদের সংগঠন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতারা।
দীর্ঘ ১৭ বছর পর মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নতুন মেয়রকে বরণ করেন।
বেলা ১১টায় ভারপ্রাপ্ত মেয়র জহিরুল আলম দোভাষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন মনজুর আলম। এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর-ই-ইলাহী উপস্থিত ছিলেন।
গত ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনজুর আলম পরপর তিনবারের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
এর এক মাস পর গত ১৮ জুলাই ঢাকায় মেয়র মনজুর আলম ও ৫৫ জন ওয়ার্ড কাউন্সিলর শপথ গ্রহণ করেন। ওইদিনই মহিউদ্দিন চৌধুরী নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনে মনজুর আলমের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনজুর আলম বলেন, "এটি আইনী বিষয়, আইনগতভাবেই মোকাবেলা করা হবে।"
চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও ওয়ার্ড কাউন্সিলরদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি সেবার ক্ষেত্রে চট্টগ্রাম সিটি করপোরেশন অতীতে যে সুনাম অর্জন করেছে তা রক্ষায় দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করার আহবান জানান।
মনজুর আলম বলেন, সিটি করপোরেশন সেবামূলক প্রতিষ্ঠান, জনগণকে সেবা দেওয়াই এ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য।
সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর আমলে পরপর তিনবার ওয়ার্ড কাউন্সিলর থাকা অবস্থায় মনজুর আলম নানা সময়ে ভারপ্রাপ্ত মেয়র এবং এক-এগারোর সময়ে দুই বছর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১৪০৯ ঘ.
bdnews24