২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনেও আ.লীগ-বিএনপি মারামারিতে সম্মেলন পণ্ড

তুমুল হৈ-চৈ আর পাল্টা চেয়ার ছোড়াছুড়ির কারণে ভণ্ডুল হয়ে গেছে লন্ডনে বাংলাদেশ বিষয়ক মানবাধিকার সম্মেলন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাত জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 08:53 PM

Updated : 25 Aug 2022, 01:58 PM

লন্ডন প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লন্ডন, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুমুল হৈ-চৈ আর পাল্টা চেয়ার ছোড়াছুড়ির কারণে ভণ্ডুল হয়ে গেছে লন্ডনে বাংলাদেশ বিষয়ক মানবাধিকার সম্মেলন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাত জন। শুক্রবার লন্ডন স্কুল অব ইকনমিক্সে 'বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার এবং রাজনৈতিক দলগুলোর ভুমিকা' শীর্ষক এই সম্মেলনে বিএনপি সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছেন লন্ডন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল হক বাদশা। প্রতিপক্ষের চেয়ারের আঘাতে আহত হয়েছেন কমপক্ষে আরো ছয় জন। সম্মেলনের আয়োজক ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাউন্ডেশন । এতে যৌথভাবে সভাপতিত্ব করার কথা ছিল ব্রিটিশ পার্লামেন্টে সর্বদলীয় মানবাধিকার গ্রুপের ভাইস চেয়ার লর্ড এ্যভিবারী এবং অল পার্টি পার্লামেন্টারী গ্রুপ ফর বাংলাদেশের চেয়ার এ্যান মেইন এমপির। অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি লর্ড এ্যভিবারী। তাদের উভয়ের অনুপস্থিতিতে সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দীন। লন্ডন স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সম্মেলন শুরু হয়। সম্মেলনে উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দীন প্রথমে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার ড. সাঈদুর রহমান খানকে বক্তব্য রাখার অনুরোধ জানান। তার বক্তব্য শেষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি কমরউদ্দিন বক্তব্য রাখতে শুরু করেন। তাকে সময় বেধে দেওয়া হয় পাঁচ মিনিট। সৈয়দ ফারুক বলেন, কমরউদ্দিন তার বক্তব্যে শেখ মুজিবুর রহমান ও বাকশাল এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেন। এরপর বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান সুলতান মাহমুদ শরীফ। তিনি বলেন, "আমি এখানে এসেছি মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলতে। যারা মানুষ খুন করে ক্ষমতায় আসে তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না। বিএনপির মুখে মানবাধিকারের কথার উদ্দেশ্যই হলো যুদ্ধাপরাধীদের বাঁচানোর প্রচেষ্টা মাত্র।" এসময় বিএনপির শরিফুজ্জামান তপন ও অপর বিএনপি সমর্থকরা সমস্বরে তার এ বক্তব্যের প্রতিবাদ জানান। রাজিবুল হক বাদশাও পাল্টা প্রতিবাদ জানান। শুরু হয় হৈ-চৈ এবং পাল্টা চেয়ার ছোড়াছুড়ি। চেয়ারের আঘাতে আহত হন লন্ডন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল হক বাদশা। তারা মাথা ফেটে যায়। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ৬-৭টি স্টিচ দিতে হয়। যুক্তরাজ্য যুবলীগ সভাপতি আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, ওই সময় সেখানে উপস্থিত যুবলীগের ৫০-৬০ জন নেতা-কর্মী বিএনপি সমর্থকদের প্রতিহত করার চেষ্টা করে এবং উভয় পক্ষ পরস্পরকে লক্ষ্য করে চেয়ার ছোড়ে মারতে থাকে। এসময় আরো আহত হন যুবলীগ নেতা আব্দুল মমিন, যুক্তরাজ্য ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জলক পাল ও যুবলীগ কর্মী রুহুল আমিন। এছাড়া যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তপনসহ তিন বিএনপি সমর্থক আহত হন। আনোয়ারুজ্জামান চৌধুরী অভিযোগ করেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দীন সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানালেও কাউকেই থামানো যায়নি। এক পর্যায়ে তিনি পুলিশ ডাকার কথাও বলেন। ফলে কোনো আলোচনা ছাড়াই পণ্ড হয়ে যায় এ সম্মেলন। এতে অন্যান্যের মধ্যে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা মশিউর রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী, সাবেক আইন মন্ত্রী আবদুল মতিন খসরু, সাংসদ সাবের হোসেন চৌধুরী, বিএনপি নেতা মঈন খান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ। তবে শেষ পর্যন্ত তারা কেউই আলোচনায় অংশ নিতে পারেননি। সম্মেলন ভণ্ডুল হওয়ার পর বিএনপি ও আওয়ামী লীগ পৃথক সংবাদ সম্মেলন করে এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০২৪৫ ঘ.