বগুড়া, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সাংগঠনিক প্রধান আনোয়ার আলম খোকা ওরফে ভাগ্নে শহীদ ওরফে নাজমুলকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ তাকে নিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
বগুড়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশীদ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাগ্নে শহীদকে জিজ্ঞাসাবাদের জন্য বগুড়া থেকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার তাকে আবার বগুড়ায় নিয়ে আসা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র জানায়, দেশের উচ্চ পর্যায়ের ১২ জনের হিটলিস্ট এবং জামায়াতের শীর্ষ নেতাদের সাথে সংম্পৃক্ততার বিষয় নিয়ে জিজ্ঞসাবাদের জন্য ভাগ্নে শহীদকে ঢাকায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তাকে জেএমবির গ্রেপ্তারকৃত প্রধান মাওলানা সাইদুর রহমান ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের মুখোমুখি করা হবে।
পুলিশ সদর দপ্তরের বিশেষ গোয়েন্দা শাখার গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলা পুলিশের সঙ্গে এক যৌথ অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় বগুড়া-রংপুর বাইপাস সড়কের ছিলিমপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আব্দুর রশীদ সরকার বুধবার বগুড়া মুখ্য বিচারিক হাকিম আদালতে ভাগ্নে শহীদকে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। শুক্রবার রিমান্ডের তৃতীয় দিন চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৩৫ ঘ.
bdnews24