২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার দেশ পুনঃপ্রকাশনার দাবিতে মানববন্ধন

দৈনিক আমার দেশ এর পুনঃপ্রকাশনা ও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বুধবার রাজধানীতে মানববন্ধন করেছে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 06:55 AM

Updated : 25 Aug 2022, 01:54 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ এর পুনঃপ্রকাশনা ও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বুধবার রাজধানীতে মানববন্ধন করেছে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ। হাইকোর্টের সামনে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, আমার দেশ এর উপ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাসান হাফিজ, আমার দেশ এর ইউনিট প্রধান বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। আমার দেশের প্রকাশক হাসমত আলীর দায়ের করা প্রতারণার মামলায় গত ২ জুন ভোররাতে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ১ জুন পত্রিকাটির প্রকাশনা বাতিল ও প্রেস সিলগালা করে দেয় সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/আরএ/১২৩৪ ঘ.