২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণহত্যার মামলায় কাদের মোল্লা গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মো. আব্দুল কাদের মোল্লাকে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 11:02 AM

Updated : 25 Aug 2022, 01:50 PM

ঢাকা, জুলাই ১৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মো. আব্দুল কাদের মোল্লাকে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকাল সোয়া ৪ টার দিকে হাইকোর্টের সামনে থেকে শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, অপর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জানকেও গ্রেপ্তার করা হতে পারে। তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ হাইকোর্টের বাইরে অবস্থান নিয়েছে। গ্রেপ্তার এড়াতে কামারুজ্জামান তার আইনজীবি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কক্ষে অবস্থান নিয়েছেন। রমনা জোনের উপ পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পল্লবী থানার একটি গণহত্যা মামলায় কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে কেরানীগঞ্জ থানায় দায়ের করা মুক্তিযোদ্ধা হত্যা মামলা ও শাহবাগ থানায় দায়ের করা পুলিশের কাজে বাধা দেওয়ার পৃথক দুটি মামলায় হাইকোর্ট মঙ্গলবার কাদের মোল্লা ও কামারুজ্জামানকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দেয়। এ প্রসঙ্গে কৃষ্ণপদ রায় হাইকোর্টের সামনে সাংবাদিকদের জানান, আদালত যে দুই মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করার যে নির্দেশ দিয়েছে সেই মামলায় কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়নি। সিআইডির কর্মকর্তা পরিদর্শক নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুক্তিযুদ্ধের সময় মিরপুরের আলোকদী গ্রামে একটি গণহত্যার ঘটনায় ২০০৮ সালের জানুয়ারিতে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়। এই মামলায় কাদের মোল্লা একজন আসামি। তিনি বলেন, "এই মামলায় কাদের মোল্লাকে শ্যেন গ্রেপ্তার দেখানো হবে।" যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা ওই গণহত্যার মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। এই মামলায় জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানও আসামি বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি ইকবাল হোসেন। এদিকে কাদের মোল্লার আইনজীবি খন্দকার মাহাবুব হোসেন বলেছেন, গ্রেপ্তারের বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে। হাইকোর্ট এ নিয়ে আদালত অবমাননার আবেদন জানানোর পরামর্শ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএএ/কেএমএস/১৭৪৪ ঘ.