ঢাকা, জুলাই ০৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি বুধবার রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহর ও জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে।
এক ঘণ্টার এ কর্মসূচি বেলা ১১টায় শুরু হয়ে ১২টায় শেষ হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
ঢাকায় গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত প্রধান সড়কে দুপাশে দাঁড়িয়ে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করবে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের জুলুম-নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মানবববন্ধন কর্মসূচি শুরু হবে সকাল ১১টায় এবং বেলা ১২টায় তা শেষ হবে। আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করব।"
মানববন্ধন কর্মসূচিতে সরকারের পুলিশ বাহিনী কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলে আশা ব্যক্ত করেন তিনি।
নজরুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত প্রধান সড়কের প্রতিটি স্থানে বিভিন্ন অঙ্গসংগঠন এবং মহানগর বিএনপির নেতা-কর্মীরা ব্যানার হাতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেবে। বিভিন্ন স্থানে কেন্দ্রীয় নেতারা কর্মসূচির নেতৃত্ব দেবেন। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন থাকবেন জাতীয় প্রেসক্লাবের কাছে।
অন্যান্য বিভাগীয় শহর এবং জেলা সদরে একই সময়ে মানববন্ধন কর্মসূচি পালনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/০৯১২ ঘ.
bdnews24