ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার তিন জামায়াত নেতাকে যুদ্ধাপরাধের মামলায় আটকাদেশ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান 'অস্থিতিশীল' করতে ছাত্রদল-শিবিরের 'তাণ্ডবের' প্রতিবাদে এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের এ কর্মসূচি পালন করে ছাত্রলীগ।
সমাবেশে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, "গ্রেপ্তারকৃত জামায়াত নেতারা শুধু মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়নি, তারা ধর্মের নামে ১৯৭১ সালে খুন-ধর্ষণ পর্যন্ত করেছিলো।
"তাই শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় নয়, বরং যুদ্ধপরাধের মামলায় জামায়াত নেতাদের আটকাদেশ দেওয়া প্রয়োজন।"
তিনি অভিযোগ করেন, জামায়াত-শিবির তাদের জন্মলগ্ন থেকেই ধর্মের নামে মানুষের সঙ্গে 'প্রতারণা' করে আসছে। এক দিকে তারা ধর্মের কথা বলে, অন্যদিকে নিজেরাই মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা প্রমুখ।
সমাবেশের আগে মধুর কেন্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মধুর কেন্টিনে আসেন।
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।
গত ১৭ মার্চ মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ছাত্র শিবিরের এক সভায় নিজামীকে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। এ মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24