ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা দাবি করেছেন, গত ২৫ জুন রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় সাদা পোশাকে র্যাব সদস্যরা ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে আটক করে নিয়ে গেছে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
বিএনপির সাবেক মহানগর সভাপতি সাদেক হোসেন খোকা বলেন, গত ২০ জুন গুলশান এলাকায় চৌধুরী আলমকে একই কায়দায় আটক করার চেষ্টা করে র্যাব গোয়েন্দা শাখার কয়েকজন সদস্য। এ সময় গুলশান ২ নম্বর গোলচত্বরে কর্তব্যরত গুলশান থানার উপপরিদর্শক মোহাম্মদ আলীকে ঘটনা জানানো হলে পুলিশ ধাওয়াকারীদের আটক করে। পরে পুলিশ জানায়, ধাওয়াকারীদের একজন নিজেকে র্যাব গোয়েন্দা শাখার সদস্য ও নাম বেলায়েত বলে পরিচয় দিয়েছেন।
এ ব্যাপারে গুলশান থানার একটি জিডি করা হয়েছে বলে জানান মেয়র খোকা।
তিনি বলেন, চৌধুরী আলমের আটক বা গ্রেপ্তারের বিষয়টি সরকারের কোন সংস্থা স্বীকার না করাতে তার পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীরা প্রচন্ড উদ্বেগের মধ্যে রয়েছে। আইন ও মানবাধিকারের স্বার্থে তিনি অনতিবিলম্বে চৌধুরী আলমকে আটক বা অপহরণ অবস্থা থেকে মুক্তি দেওয়ার দাবি জানান।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকললের দৃষ্টি আকর্ষণ করেন সাদেক হোসেন খোকা।
র্যাব আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কামান্ডার মো. সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চৌধুরী আলমকে র্যাবের কোন শাখা আটক বা গ্রেপ্তার করেনি। এ ব্যাপারে কোন অভিযোগও পাওয়া যায়নি। চৌধুরী আলমেক র্যাব আটক করেছে-এ ব্যাপারটি সম্পূর্ন ভিত্তিহীন বলে দাবি করেন সোহায়েল।
সংবাদ সম্মেলনে চৌধুরী আলমের ছেলে-মেয়ে ও ঢাকার বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৪৫০ ঘ.
bdnews24