ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।
রোববার সকাল-সন্ধ্যা হরতাল শেষে সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিঙে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয়ভাবে রাজধানীর মুক্তাঙ্গনে বিকালে সমাবেশ হবে। এছাড়া জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি হবে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।
বিএনপি মহাসচিব হরতালে গ্রেপ্তার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক আবদুল মান্নান, অ্যাডভোকেট আহমেদ আজম খান, সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ গ্রেপ্তারকৃত দলের সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।
খোন্দকার দেলোয়ার সারা দেশে সফল হরতাল পালনের জন্য দেশবাসীসহ সব পেশার মানুষকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও নিজ দলের পক্ষ থেকে অভিনন্দন জানান।
তিনি বলেন, "এ হরতালের মাধ্যমে জনগন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছে। সরকারের ব্যর্থতা ও দুঃশাসনের বিরুদ্ধে রায় দিয়েছে।"
জনগনের স্বত:স্ফুর্ত অংশগ্রহনে হরতাল শতভাগ সফল হয়েছে বলেও দাবি করেছেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে হরতালে সারাদেশে বিএনপির সহাস্রাধিক নেতা-কর্মী গ্রেপ্তার ও ৫ শতাধিক গুরুতর আহত হয়েছে বলে জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় পুলিশি কর্মকান্ডের সমালোচনা কওে দেলোয়ার বলেন, "এ সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।"
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সহসভাপতি সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুবউদ্দিন খোকন, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৯১৯ ঘ.
bdnews24