ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের নামে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
শনিবার সকালে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, "হরতালে কোন ধরণের অরাজকতা করা হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
রোববার সারাদেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি।
এর আগে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও হুঁশিয়ারি দিয়েছেন, হরতালে কোনো নৈরাজ্য ও বিশৃঙ্খলা সরকার বরদাশত করবে না। হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ।
ঢাকা মহানগর পুলিশ হরতালে রাজধানীর মিরপুর-এয়ারপোর্টসহ প্রধান সড়কগুলোতে মিছিল নিষিদ্ধ করেছে। হরতালের সময় জনগনের জানমালের নিরাপত্তা রক্ষা ও যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় ১০ হাজার পুলিশ মাঠে থাকবে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার।
অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শান্তিপূর্ণ হরতালে বাধা দিলে তার দায় সরকারের ওপর বর্তাবে। এছাড়া দলটির মহাসচিব শনিবার অভিযোগ করে বলেছেন, হরতাল বানচাল করতে সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি তাড়িয়েও বেড়াচ্ছে।
গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যার সমাধান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ ও দমন-নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
গত ১৯ মে পল্টন ময়দানে বিএনপির মহসমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিকরা ইতিমধেই হরতালে সমর্থন জানিয়েছে।
মাদকবিরোধী দিবসের অনুষ্ঠানে সাহারা খাতুন বলেন, "হরতালে যে কোন ধরনের নৈরাজ্য ঠেকাতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখবে।"
সংসদে না গিয়ে বিরোধী দল হরতাল ডাকায় সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "তাদের যদি কোনো দাবি থাকে তাহলে সংসদে গিয়ে তা বলতে পারেন। অথচ সংসদে না গিয়ে তারা হরতাল করছে।"
গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবিতে যে হরতাল ডাকা হয়েছে তা বিএনপি শাসনামলের সৃষ্ট সমস্যা বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, "যুদ্ধাপরাধীদের বাঁচাতেই এ হরতাল ডাকা হয়েছে।"
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ আলোচনা সভার আয়োজন করে।
বেকার সমস্যার কারণেই 'মাদক অপরাধ' বাড়ছে উল্লেখ করে সাহারা জানান, বর্তমান সরকার বেকারত্ব দুর করতে নানা পদক্ষেপ নিয়েছে। তিনি 'মাদক অপরাধে'র বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু উপস্থিত ছিলেন।
এর আগে সকালে দিবসটি উপলক্ষ্যে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএএ/কেএমএস/১৮১১ ঘ.
bdnews24