খুলনা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের খুলনা জেলা ও এর নয়টি উপজেলা কমিটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে দলের কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ হারুনুর রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, খুলনা জেলা আওয়ামী লীগের কতিপয় নেতার দলের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের কারণে দলের তৃণমূল নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। ফলে সাংঘর্ষিক অবস্থা সৃষ্টির আশংকা দেখা দেওয়ায় কেন্দ্রীয় কমিটি খুলনা জেলা এবং জেলার নয়টি উপজেলা কমিটির সব সাংগঠনিক কার্যক্রত স্থগিত করেছে।
জেলা আওয়ামী লীগের পরবর্তী বিশেষ বর্ধিত সভার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ টেলিফোনে জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদকে এ নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১০০ ঘ.
bdnews24