চট্টগ্রাম থেকে জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী, প্রদীপ চৌধুরী, রিয়াজুল বাশার, মিন্টু চৌধুরী ও আল আমিন দেওয়ান
চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কড়া নিরাপত্তা ব্যবস্থায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে।
রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, যেসব কেন্দ্রে এখনো ভোটাররা দাঁড়িয়ে আছেন, তাদের সবার ভোটগ্রহণ শেষে গণনা শুরু হবে।
চূড়ান্ত ফলাফল জেলা রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মিলনায়তনে ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ৬০ শতাংশ ভোট পড়তে পারে।
এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে দেশে প্রথমবারের মতো ই-ভোট চালু হয়েছে।
মহানগরীর জামালখান রোড এলাকার ২১ নম্বর ওয়ার্ডের ভোটাররা পছন্দের মেয়র ও কাউন্সিলর প্রার্থীকে ব্যালট পেপারে নয়; ইলেকট্রনিক মেশিনে সাটানো প্রতীকের পাশে বোতাম টিপে ভোট দিয়েছেন।
বন্দরনগরীর নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রসহ নির্বাচনী এলাকায় সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২০ হাজার সদস্য নিয়োজিত রয়েছে।
এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী আটজন। ৪১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪৯ জন এবং ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত নাগিরক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম, স্বতন্ত্র সৈয়দ সাজ্জাদ জোহা, মোহাম্মদ ইব্রাহীম, জানে আলম, মোফাজ্জল হোসেন ভূইয়া ও রফিকুল আলম।
মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির (এরশাদ) মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনের পক্ষে সমর্থন ঘোষণা করলেও প্রার্থিতা প্রত্যাহার না করায় ব্যালটে রয়ে গেছে সোলায়মান আলম শেঠ-এর নাম।
নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে জোর প্রচারণায় নামে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কমপক্ষে ৫০ জন কেন্দ্রীয় নেতা ও সাংসদ। অন্যদিকে বিএনপি সমর্থিত উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলমের পক্ষে খুব কম সংখ্যক কেন্দ্রীয় নেতা প্রচারণায় অংশ নেয়।
নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে বৃহস্পতিবার সরকারি ছুটি।
গত ১৫ জুন মধ্যরাতে এ নির্বাচনের প্রচারণা শেষ হয়। ১৬ জুন মধ্যরাত থেকে অনুমোদিত ছাড়া সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে ১৪ জুন থেকে মটরসাইকেল চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
২০০৫ সালের ৯ মে সর্বশেষ সিসিসি নির্বাচন হয়। মেয়াদ উত্তীর্ণ হবে এ বছরের ২৫ জুন।
সিসিসির সর্বশেষ তালিকায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৯৪ হাজার ৯৫৫। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৭৭ হাজার ৭৯০। মহিলা ভোটার ৮ লাখ ১৭ হাজার ১৬৫।
নির্বাচনে ভোট কেন্দ্র ৬৭৪টি; ভোট কক্ষ ৪ হাজার ৭৪৮টি। ভোটগ্রহণ কর্মকর্তা ১৪ হাজার ৯১৮ জন। এর মধ্যে প্রিজাইডিং কর্মকর্তা ৬৭৪ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৪৭৪৮ জন এবং পোলিং কর্মকর্তা ৯৪৯৬ জন।
নির্বাচনী এলাকায় ৩ থেকে ১৮ জুন পর্যন্ত ছয়টি থানা এলাকায় দুজন করে ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনের জন্য নিয়োজিত রয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন প্রতিটি ওয়ার্ডে একজন করে ৪১ জন।
৯ থেকে ১৮ জুন পর্যন্ত ২ কোম্পানি বিডিআর এবং ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ৬ কোম্পানি সেনা সদস্য ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন। তারা ভোটকেন্দ্রের বাইরে টহল অবস্থায় থাকবেন।
নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের ৪১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা 'নিরব পর্যবেক্ষক' ভূমিকায় আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমসি/এজে/এমএসবি/১৬০৯ ঘ.
bdnews24