চট্টগ্রাম, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিজের জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম. মনজুর আলম।
তিনি বলেন, "নির্বাচনী প্রচারণার শেষ সময়ে পরিবর্তনের পক্ষে গণজোয়ার দেখেছি।"
মঙ্গলবার বিকালে নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মনজুর বলেন, "মহিউদ্দিন চৌধুরী গণজোয়ারের কথা বলেছেন। কিন্তু তা কোন দিকে সেটাই বড় কথা।"
সংখ্যালঘুদের ভয়ভীতি প্রদর্শন প্রসঙ্গে উন্নয়ন আন্দোলনের এ মেয়র প্রার্থী বলেন, "এসব বিষয়ে আমার কোন অতীত রেকর্ড নেই। ভবিষ্যতেও থাকবে না।"
ভোটাদেরকে টাকা দেয়া নিয়েও একই কথা বলেন মজনুর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, এম. মোরশেদ খান, চেয়ারপার্সনের উপদেষ্টা মীর নাছির উদ্দিন, মহানগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এর আগে মনজুর আলম সকাল থেকে নগরীর মাদারবাড়ি, নিউমার্কেট, সিটি কলেজ এলাকা, বরিশাল কলোনী, কদমতলীতে গণসংযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এসএএ/১৮১৯ঘ.
bdnews24