ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলকে বর্তমান সরকারের 'নিন্দুক বন্ধু' বলে অভিহিত করেছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। মঙ্গলবার সংসদে ২০১০-১১ সালের প্রস্তাবিত বাজেট আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
যোগাযোগমন্ত্রী বলেন, ''বিরোধী দল আমাদের সরকারের নিন্দুক বন্ধু। তারা সংসদের বাইরে সমালোচনা করছেন। আমি আহবান জানাব, বাইরে নয়, সংসদে এসে প্রস্তাবিত বাজেটের সমালোচনা করুন। ''
তিনি সংসদের বাইরে বিরোধী দলীয় নেতার বাজেট রূপরেখা প্রস্তাব উপস্থাপনারও সমালোচনা করেন।
বাজেট আলোচনায় অংশ নিয়ে সৈয়দ আবুল হোসেন তার মন্ত্রণালসহ সবগুলো মন্ত্রণালয়ে অগ্রাধিকারভিত্তিতে মনোযোগ ও বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভূয়সী প্রশংসা করেন।
যোগাযোগ মন্ত্রী জানান, পদ্মাসেতুর কাজ এ বছরই শুরু হবে। প্রস্তাবিত বাজেটে পদ্মাসেতু প্রকল্পখাতে ১ হাজার ২'শ ৩৮ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক অবকাঠামোর উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ ব্যাখ্যা করেন।
ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকাল ৪টার দিকে সংসদ অধিবেশন শুরু হয়।
বাজেট আলোচনায় অন্যদের মধ্যে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের কামাল মজুমদার, মোসলেহ উদ্দিন ও নারায়ন চন্দ্র চান, জাসদের শাহ জিকরুল আহমেদ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ কেএমএস/১৮১১ ঘ.
bdnews24