২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে আর মামলা নেই: আইনজীবী

বেপজা দুর্নীতি মামলা বাতিল হওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আর কোনো মামলা থাকলো না বলে জানিয়েছেন তার আইনজীবী ফজলে নূর তাপস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 08:25 AM

Updated : 25 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেপজা দুর্নীতি মামলা বাতিল হওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আর কোনো মামলা থাকলো না বলে জানিয়েছেন তার আইনজীবী ফজলে নূর তাপস। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিগত চারদলীয় জোট সরকারের আমলে ৯টি এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৬টি মামলা হয়। ২০০১ সালের ডিসেম্বরে দায়ের বেপজায় পরামর্শক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা রোববার বাতিল করেছে হাইকোর্ট। রায়ে আদালত বলেছে, "রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। তাই মৃত এই শিশুটিকে দ্রুত সমাহিত করা হলো।" এর আগে শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর গত ১৮ মে পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা নাইকো দুর্নীতি মামলা, ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা, মিগ-২৯ মামলা দুর্নীতি মামলা, নভোথিয়েটার দুর্নীতি সংক্রান্ত তিনটি মামলা, মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা এবং ফ্রিগেট (যুদ্ধজাহাজ) কেনায় দুর্নীতির মামলা বাতিল করে হাইকোর্ট। এর মধ্যে নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দুর্নীতি মামলা দুটি হয় সেনা সমর্থিক তত্ত্বাবধায়ক সরকারের আমলে। অন্যগুলো হয়েছিলো চারদলীয় জোট সরকারের আমলে। তত্ত্বাবধায়ক সরকার আমলে ব্যবসায়ী আজম জে চৌধুরী, নূর আলী ও তাজুল ইসলাম ফারুক শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির তিনটি মামলা করেন। পরে তারা মামলাগুলো প্রত্যাহার করে নেন বলে তাপস জানান। অন্যদিকে পল্টন হত্যা হামলার চূড়ান্ত অভিযোগপত্রে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া হুমায়ুন আজাদকে দেখতে সেনানিবাসে ঢোকার জন্য অনধিকার প্রবেশ সংক্রান্ত মামলা এবং বঙ্গবন্ধু স্মৃতিসৌধ নির্মাণ সংক্রান্ত দুর্নীতি মামলার অভিযোগপত্র থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়। বেপজা মামলা বাতিলে শেখ হাসিনার আবেদনের ওপর শুনানি শেষে রোববার দুপুর ১২টার দিকে রায় পড়া শুরু হয়। সোয়া ১টার দিকে রায় পড়া শেষ করে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ। রায়ের পর ব্যারিস্টার তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘ ৯ বছর পর সমস্ত মামলা থেকে শেখ হাসিনা অব্যাহতি পেয়েছেন। ন্যায়বিচার পেয়েছি। আইনি প্রক্রিয়ায় সব মামলা খারিজ হলো।" ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে বেপজা দুর্নীতি মামলাটি দায়ের করেন বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ। এ মামলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রের ১০ লাখ ৯ হাজার ৯৮৮ টাকা ক্ষতি করার অভিযোগ আনা হয়। ২০০২ সালের ১৮ জুন এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। মামলাটি বাতিলে শেখ হাসিনার আবেদনে ২০০২ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট মামলাটির কার্যক্রম স্থগিত করে। রায়ে আদালত বলেছে, "বেপজায় পরামর্শক নিয়োগে অনুমোদন দিয়ে শেখ হাসিনা কোনো অপরাধ করেননি। তিনি রাষ্ট্রের অর্থের কোনো ক্ষতিসাধন করেননি। এ ধরনের মামলা চলতে দিলে কেউ দেশের জন্য সৎ উদ্দেশ্যে কিছু করতে পারবেন না।" আদালত রায়ে আরো বলেন, "মামলার অভিযোগ এবং অভিযোগপত্র থেকে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অপরাধ প্রকাশ পায় না। তাই এ মামলার কার্যক্রম চলতে দেওয়া হবে আদালতের প্রক্রিয়ার অপব্যবহারের শামিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৪২৩ ঘ.