২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচিতে জিয়াকে স্মরণ করছে বিএনপি

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোববার বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো সাবেক রাষ্ট্রপতি ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী পালন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 03:14 AM

Updated : 25 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোববার বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো সাবেক রাষ্ট্রপতি ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী পালন করছে। সকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। দলীয় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে সকাল ১০টায় শেরেবাংলা নগরে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি নেওয়া হয়েছে। কবর প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের মিলাদ ও দোয়া মাহফিল হবে। এছাড়া জিসাস ও ড্যাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে রক্তদান কর্মসূচি। ১৯৮১ সালের ৩০ শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন। বিএনপি এ দিনটি তার 'শাহাদত দিবস' হিসেবে পালন করে। জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় কেন্দ্রীয় কর্মসূচি। মহানগর বিএনপির আয়োজনে রোববার থেকে টানা তিনদিন ঢাকা সিটি কর্পোরেশনের সব থানায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। এর দেড় শতাধিক কর্মসূচিতে খালেদা জিয়ার অংশ নেওয়ার কথা। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি সারাদেশে যথাযোগ্য মর্যাদায় জিয়ার শাহাদাৎবার্ষিকী পালন করবে। এজন্য সব জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। খালেদা জিয়া রোববার মোহাম্মদপুর, ধানমণ্ডি, লালবাগ, কামরাঙ্গীরচর, সূত্রাপুর, পল্টন, ডেমরা, সবুজবাগ, মতিঝিল, রমনা ও খিলগাঁও; সোমবার তেজগাঁও, কাফরুল, পল্লবী, মিরপুর, আদাবর, ক্যান্টনমেন্ট, উত্তরা, বাড্ডা ও গুলশান এবং মঙ্গলবার কোতয়ালী, শ্যামপুর ও কেরানীগঞ্জ থানার বিভিন্ন স্থানে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নেত্রী আগামীকাল থেকে তিনদিন বিভিন্ন ওয়ার্ডের দেড় শতাধিক স্পটে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করবেন। জিয়ার কবর জিয়ারত শেষে তিনি মোহাম্মদপুর টাউন হলের ঈদগাহ মাঠ থেকে এই কর্মসূচি শুরু করবেন।" ১৯৭১ সালের ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে জাতিকে অনুপ্রাণিত করেন। তবে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়া পরবর্তীকালে সেনাশাসন ও মুক্তিযুদ্ধবিরোধীদের পুনর্বাসিত করার দায়ে ব্যাপকভাবে সমালোচিত। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধান হন জিয়াউর রহমান। ওই বছরের ৭ নভেম্বর 'সিপাহি-জনতার বিপ্লবের' পর রাষ্ট্রপতি বিচারপতি এএসএম সায়েমের নেতৃত্বে উপ-প্রধান সামরিক আইন প্রশাসক এবং ১৯৭৭ সালের ২১ এপ্রিল প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে তিনি ক্ষমতা গ্রহণ করেন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ১৯৭৮ সালের ২১ এপ্রিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/০৯১০ ঘ.