ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে ২৭ জুনের ঘোষিত হরতাল তুলে নিতে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।
প্রধান বিরোধী দলের ঘোষিত কর্মসূচির সমালোচনা করে তিনি বলেছেন, বিএনপি হরতালের নামে দেশকে অস্থিতিশীল ও জনগণের সম্পদের ক্ষতিসাধন করতে চাইলে জনগণই তা প্রতিহত করবে।
বুধবার পল্টন ময়দানের জনসমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ২৭ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপি তাদের পাঁচ বছরে বিদ্যুতের উন্নয়ন করতে পারেনি। তাদের দোষ আমাদের ওপর চাপিয়ে তারা হরতাল করতে চায়। আমরা গণতান্ত্রিক কর্মসূচিতে বিশ্বাসী। কিন্তু, তারা যদি তাদের এই কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় এবং জনগণের জানমালের ক্ষতিসাধন করতে চায়, তাহলে জনগণও তাদের প্রতিহত করবে।"
গ্যাস-বিদ্যুৎ-পানি সরবরাহ নিশ্চিত করা, টেন্ডারবাজি-দখলবাজি বন্ধ, ছাত্রী লাঞ্ছনার প্রতিবাদ, বিচারবিভাগ দলীয়করণ, ভারতের সঙ্গে করা চুক্তির প্রতিবাদ, নির্বাচন কমিশনের পদত্যাগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে এ হরতাল ডাকা হলো বলে সমাবেশে ঘোষণা করেন খালেদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৯১১ ঘ.
bdnews24